নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০১৫ ০২:৫৮

মধ্যরাতে পাঠানটুলায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি

নগরীর পাঠানটুলায় পূর্ব বিরোধের জের ধরে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে। সদ্য ছাত্রদলের রাজনীতি থেকে সরে দাঁড়ানো রেজাউল করীম নাচন ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় পাঠানটুলা এলাকায় আব্দুর রকিব গ্রুপের কর্মীরা নাচন গ্রুপের কর্মীদের উপর হামলা চালায়। এসময় নাচন গ্রুপের দুজন কর্মী গুলিবিদ্ধ ও আরো ৫/৬ জন আহত হন।

সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ছাত্রদল সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে নগরীর মিরাবাজার এলাকার হোটেল সুপ্রীমে ছাত্রদলে এক কেন্দ্রীয় নেতা আসেন। এসময় পরিচয় চলাকালীন সময়ে রকিব গ্রুপের এক নেতার সাথে নাচন গ্রুপের নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়।

এরই জেরধরে কয়েকদিন থেকে রকিব গ্রুপ ও নাচন গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

জানা যায়, নাচন গ্রুপের কর্মীরা মঙ্গলবার রাতে পাঠানটুলা এলাকা অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে হামলা চালায় রকিবের অনুসারিরা। এসময় নাচন গ্রুপের নেতাকর্মীদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয় বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী। এসময় নাচন গ্রুপের কর্মী নাবিলের মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।

কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত