০১ অক্টোবর, ২০১৫ ২১:২৮
সুনামগঞ্জের দিরাইয়ে নিজের মা ও সন্তানকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর (খারারপার) গ্রামে এ ঘটনাটি ঘটে।
হত্যাকাণ্ডের পর ঘাতক একরামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। একরাম নিজের মা জামেনা বেগম(৬৫) ও তার আড়াই মাসের ছেলেকে হত্যা করে বলে অভিযোগ করেন গ্রামবাসী। একরাম হোসেন ওই গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, পাঁচ সন্তানের জনক একরামকে কয়েকদিন পূর্বে চুরির অভিযোগে গ্রামবাসী গণপিটুনি দিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দিরাই উপজেলা নির্বাহী অফিসার আলতাফ হোসেনের কাছে হস্তান্তর করেন।
সরমঙ্গল ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী জানান, একরামের চুরিতে অতিষ্ট হয়ে এলাকাবাসী আটক করে আইনের হাতে সোপর্দ করেন। কিন্তু নির্বাহী ম্যাজিষ্ট্যাট তাকে কোন সাজা না দিয়ে ছেড়ে দেন। এর জের ধরে সে নিজের মা ও ছেলেকে হত্যা করেছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে বলে জানিয়েছেন দিরাই সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুরত আলম। তিনি জানান, এলাকাবাসীর সহযোগিতায় একরামকে আটক করা হয়েছে।
আপনার মন্তব্য