নিউজ ডেস্ক

০৩ অক্টোবর, ২০১৫ ১১:৪০

দেশে ফিরে সিলেটে যাত্রা বিরতি করে ঢাকায় গেলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

জাতিসংঘের অধিবেশনে অংশ নিয়ে দেশে ফেরার পথে সিলেটে যাত্রা বিরতি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১.২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহণকারী বিমান ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ ও স্থানীয় কয়েকজন সাংসদ প্রধানমন্ত্রীকে সিলেটে স্বাগত জানান। ঘন্টা দেড়েক সিলেটে অবস্থানের পর ফের বিমানযোগে ঢাকা যান তিনি।

সংসদ সদস্যরা হলেন- ইমরান আহমেদ, মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস, কেয়া চৌধুরী।

জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় বিশ্বনেতাদের এক হওয়ার আহবান জানান।

আইটিইউ’র ১৫০ বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ২৬ সেপ্টেম্বর সংস্থার মহাসচিব হাউলিন ঝাও শেখ হাসিনার হাতে ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ তুলে দেন।
 
তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (আইটিইউ) বাংলাদেশকে এ পুরষ্কারে ভূষিত করে।

পরদিন ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ পুরস্কার গ্রহণ করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক অ্যাচিম স্টেইনার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন।

আপনার মন্তব্য

আলোচিত