নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০১৫ ১৩:৩০

একটি গোষ্ঠি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের পরিস্থিতি এখন অনেক ভালো। বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্ববাসীর প্রশংসা অর্জন করে নিয়েছে। দেশের এই অগ্রগতি একটি কুচক্রি মহল সহ্য করতে পারছে না। এই গোষ্টি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশিল করার ষড়যন্ত্র করছে। তারা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।

প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের সাবধান করে দিয়ে বলেন, ষড়যন্ত্র করে কেউ রেহাই পাবে না। বাংলাদেশের অগ্রযাত্রাও থামাতে পারবে না। সব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে বলেও জানান প্রধানমমন্ত্রী। 

এসব ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।

আজ দুপুরে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে যাত্রাবিরতিকালে দলীয় নেতাকর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের এসব কথা জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।

সম্প্রতি রাজধানীতে বিদেশি নাগরিক খুন হওয়ার মতো অনাকাঙ্খিত ঘটনা কাম্য নয় উল্লেখ করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী, এমনটিও জানান কামরান।

জাতিসংঘের অধিবেশনে অংশ নিয়ে দেশে ফেরার পথে সিলেটে যাত্রা বিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১ টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে সংসদ সদস্য কেয়া চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, জাতিসংঘ থেকে প্রাপ্ত পুরষ্কার তার একার নয়, এটি সমস্ত দেশবাসীর অর্জন। এ পুরষ্কার দেশের সকল মানুষের।

সকালে প্রধানমন্ত্রী সিলেট আসলে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, সংসদ সদস্য ইমরান আহমেদ, মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস ও কেয়া চৌধুরী তাকে স্বাগত জানান।

ওসমানী বিমানবন্দরে প্রায় এক ঘন্টা অবস্থানের পর দুপুর ১২টা ৩৩ মিনিটে তিনি সিলেট ত্যাগ করেন।

জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় বিশ্বনেতাদের এক হওয়ার আহবান জানান।

আইটিইউ’র ১৫০ বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ২৬ সেপ্টেম্বর সংস্থার মহাসচিব হাউলিন ঝাও শেখ হাসিনার হাতে ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ তুলে দেন।

তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (আইটিইউ) বাংলাদেশকে এ পুরষ্কারে ভূষিত করে।

পরদিন ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ পুরস্কার গ্রহণ করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক অ্যাচিম স্টেইনার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন।

ছবি ফেসবুক থেকে সংগৃহিত

আপনার মন্তব্য

আলোচিত