নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০১৫ ১৬:৫৭

কাজিরবাজার সেতু: এবার উদ্বোধন হবে তো?

১০ বছর আগে শুরু হয়েছিলো নির্মান কাজ। কথা ছিলো দুই বছর পরই উদ্বোধন করা হবে সেতুটির। সেই থেকে দশ বছর পেরিয়েছে। এখনো উদ্বোধন হয় নি সিলেট নগরীর শেখঘাট এলাকায় সুরমা নদীর উপর নির্মিত কাজিরবাজার সেতুর। নানা কারণে বারবার পিছিয়ে গেছে সেতুর উদ্বোধন।

সরকার পরিবর্তন, নকশা ত্রুটি, অর্থ ছাড়ে জটিলতা, সংযোগ সড়ক নিয়ে জটিলতা, প্রধানমন্ত্রীর সিডিউল না পাওয়া- কাজিরবাজার সেতু নিয়ে জটিলতার যেনো অন্ত নেই।

সর্বশেষ গত ২০ আগস্ট উদ্বোধন হওয়ার কথা ছিলো কাজিরবাজার সেতুর। কথা ছিলো প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন। তবে সে যাত্রায় প্রধানমন্ত্রীর উদ্বোধন তালিকা থেকে হঠ্যাৎ বাদ পড়ে যায় এই সেতু।

সে সময় বলা হয়, প্রধানমন্ত্রী সিলেট এসে এই সেতুর উদ্বোধন করবেন।
এবার আগামী ৯ অক্টোবর (বৃহস্পতিবার) বহুকাঙ্থিত এ সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীই। তবে সিলেট এসে নয়, সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমেই এ সেতুর উদ্বোধন করবন প্রধানমন্ত্রী।

সড়ক ও জনপথ বিভাগ সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চন্দন কুমার বসাক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বাধন করবেন, মন্ত্রনালয় থেকে এমনটি জানানো হয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

তিনি জানান, ওইদিন সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজিরবাজার সেতুর উদ্বোধন করবেন।

সবকিছু চুড়ান্ত হয়ে গেলেও বারবার পিছিয়ে যাওয়ার কারণে এবারও প্রশ্ন দেখা দিয়েছে, বৃহস্পতিবার এ সেতুর আদৌ উদ্বোধন হবে তো?

কাজিরবাজার ব্রিজটিকে প্রথমাবস্থায় চার লেন বিশিষ্ট ৩৬৬ মিটার দীর্ঘ এবং ১৯ মিটার প্রস্থের অত্যাধুনিক সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয় ৪৪ কোটি ৬৪ লাখ টাকা। ২০০৫ সালের ২৪ ডিসেম্বর সেতুটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান ও যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা।

সে সময় সেতুটির নির্মাণকাজ ২০০৭-০৮ অর্থবছরের মধ্যে সমাপ্ত করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেতুটির কাজ শেষ হয়নি। ক্ষমতার রদবদল ঘটায় ২০০৯ সালে মহাজোট সরকার কাজিরবাজার সেতু প্রকল্প সংশোধন করে। তখন নির্মাণ ব্যয় বাড়িয়ে করা হয় ১৬২ কোটি টাকা।

এদিকে কাজিরবাজার ব্রিজের সঙ্গে বরইকান্দি-কামালবাজার সড়কের সংযোগ সড়ক প্রকল্পের অনুমোদন এখনো হয়নি। ডিপিইসি মিটিংয়ে প্রকল্পটি উপস্থাপিত হওয়ার পর কিছু সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে সূত্র। সংশোধনের পর ফের উপস্থাপন করা হবে। সংযোগ সড়কটি নির্মাণের জন্য ৩৮ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত