০৫ অক্টোবর, ২০১৫ ২৩:৪৩
জেলা প্রশাসক ও সিলেটের রাজনৈতিক নেতাদের আশ্বাসে বাস ধর্মঘট স্থগিত করেছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের উদ্যাগে সার্কিট হাউসে রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহণ মালিক-শ্রমিক সমিতির বৈঠক শেষে ধর্মঘট মঙ্গলবারের ধর্মঘট স্থগিতের কথা জানান পরিবহন শ্রমিক নেতারা।
সোমবার রাতে সিলেট জেলা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসক এই বিষয়টি দেখে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন ১০ দিনের মধ্যে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও বাসের কাউন্টারে অগ্নিসংযোগকারীদের নিয়ে আমাদের সাথে বসে সৃষ্ট ঘটনার সুরাহা করে দেবেন। তার আশ্বাসের ভিত্তিতে আমরা ধর্মঘট স্থগিত করেছি।
এরআগে সোমবার সকালে এক বিবৃতিতে মঙ্গলবার সকাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট আহ্বান করেছিলো সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সেমাবার সিলেট সার্কিট হাউসে সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলা বৈঠকে সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদিনের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস দুর্ঘটনায় পড়ে। এতে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোশতাক আহমদ পলাশের স্ত্রী-ছেলে, সেনা সদস্যসহ ৭ জন নিহত হন। এ ঘটনার পর ওইদিন রাত ২টার দিকে সিলেটের কমদতলীস্থ হানিফের জোনাল অফিসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছেলো পরিবহন মালিক-শ্রমিকরা।
আপনার মন্তব্য