০৭ অক্টোবর, ২০১৫ ১৯:২৮
কয়েকজন কাউন্সিলদের আপত্তির মুখেই সম্পন্ন হলো সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাধারণ সভা। আজ বুধবারে সিসিকের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তার এই সভা আহ্বানের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন কয়েকজন কাউন্সিলর।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজকের সাধারণ সভায় ৪ টি সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্তগুলো হলো- সিসিকের পানির লাইনে মিটার স্থাপন, ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের মান উন্নীতকরণ, বর্ণমালা স্কুলকে মাধ্যমিক স্কুলে উন্নীতকরণ এবং বিবাহ সনদ ফি ১০০০ টাকা নির্ধারণ। এরআগে সিসকের বিবাহ সনদ ফি ছিলো ৩০০ টাকা।
জানা যায়, কাউন্সিলরদের অবহিত না করেই চলতি অর্থবছরের বাজেট প্রণয়ন করায় আজকের সভায় অসন্তোষ প্রকাশ করেন কাউন্সিলররা। তবে এনামুল হাবীব জানিয়েছেন, বিভিন্ন সমস্যার কারণে এবছর সিসিকের বাজেট নিয়ে আলাদা সভা করা যায়নি।
এদিকে সভায় মিনায় দুর্ঘটনায় নিহত হাজি, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এহিয়া রেজা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য, মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ, প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীর পিতা, সিসিক’র পিআরও মঈন উদ্দিন মঞ্জুর পিতার মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহিত হয়।
কাউন্সিলর শান্তনু দত্ত সন্তুর সভাপতিত্বে সাধারণ সভায় সিসিক’র প্রধান নির্বাহী এনামুল হাবীব, সচিব সাবেরা আক্তার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজওয়ান আহমদ, মখলিছুর রহমান কামরান, সিকন্দর আলী, সৈয়দ মিসবাহ, আজাদুর রহমান আজাদ, মোশতাক আহমদসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য