সিলেটটুডে ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৫ ১৮:২১

সুরস্রষ্টা বিদিত লালের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

মরিলে কান্দিস না আমার দায় রে যাদুধন’, ‘সিলেট প্রথম আজান ধ্বনি বাবায় দিয়াছে’...সহ অসংখ্য কালজয়ী গানের সুরকার লোকসঙ্গীত শিল্পী বিদিত লাল দাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ।
২০১২ সালের ৮ অক্টোবর দীর্ঘ রোগভোগের পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই গুণীজন।

সিলেট মহানগরীর শেখঘাটে জমিদার বংশে ১৯৩৮ সালের ১৫ জুন এই সুর সম্রাটের জন্ম। বাবা প্রয়াত বিনোদ লাল দাস, মা প্রভা রানি দাস। তিন ভাই, তিন বোনের মধ্যে পঞ্চম তিনি। ছোটবেলায় শ্রী প্রাণেশ দাসের কাছে তার সঙ্গীতে হাতেখড়ি।  কণ্ঠশিল্পী নির্মলেন্দু চৌধুরীর ‘লোকে বলে বলে রে’ শিরোনামে হাসন রাজার গান শুনে লোকসঙ্গীতের প্রতি তিনি আকৃষ্ট হন।

 হাসন রাজা, রাধারমণ, গিয়াস উদ্দিনসহ অনেক গীতিকারের গান তিনি সুর করেন। বিভিন্ন সময়ে নাটক ও নৃত্যনাট্যের সঙ্গীত পরিচালনাও করেছেন বিদিত লাল দাস। লোকসঙ্গীতকে জনপ্রিয় করতে সরকারি ও বেসরকারিভাবে দেশের বাইরে চীন, সুইডেন, নরওয়ে, ব্যাংকক, ডেনমার্ক, কয়েতসহ ইংল্যান্ড ও ভারতে যান অসংখ্যবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকায় গুণীজন সংবর্ধনা ছাড়া তিনি দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার, সংবর্ধনা ও সম্মাননা লাভ করেন। ১৯৬৮ সালে তিনি বিয়ে করেন আরেক সঙ্গীত অনুরাগী কনক রানি দাসকে। তার একমাত্র ছেলে বিশ্বদীপ লাল দাস।

আপনার মন্তব্য

আলোচিত