০৪ সেপ্টেম্বর, ২০২০ ১২:১৪
সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় ৪৪ হাজারের বেশি নতুন শনাক্তের মধ্য দিয়ে ব্রাজিলে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। যদিও দেশটির সরকার বলছে, সংক্রমণ এখন কমতির দিকে।
ব্রাজিলে প্রথম কভিড-১৯ সংক্রমণের খবর আসে ২৬ ফেব্রুয়ারি। সরকারি হিসেবে স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৪৬ হাজার ছাড়িয়ে গেছে।
করোনাভাইরাস আক্রান্তের বৈশ্বিক তালিকায় দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল। ৬৩ লাখ ছাড়ানো আক্রান্ত নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
চব্বিশ ঘণ্টায় ব্রাজিলে আক্রান্তদের মধ্যে আরও ৮৩৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার।
শনাক্তের মতো মৃত্যুর বৈশ্বিক তালিকায়ও দ্বিতীয়স্থানে লাতিন আমেরিকার দেশটি। ১ লাখ ৯১ হাজার মৃত্যু নিয়ে তাতেও শীর্ষে যুক্তরাষ্ট্র।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, দেশে করোনা সংক্রমণের হার গত কিছুদিন ধরে কমতির দিকে। তাদের বিশ্বাস, আক্রান্তের সর্বোচ্চ পর্যায়টা পেরিয়ে এসেছে তারা।
কিছুদিন আগেও ব্রাজিলে করোনায় আক্রান্তদের মধ্যে প্রতিদিন ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হতো। আগস্ট থেকে প্রাণহানির সংখ্যাটা আটশোর ঘরে নেমে এসেছে।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৬৪ লাখ ছাড়িয়েছে; মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৩ হাজার।
আপনার মন্তব্য