সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০২০ ২০:৪২

রাশিয়ার তৈরি টিকা ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর

রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করা হয়েছে। টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। প্রথম দফার তথ্য বিশ্লেষণ করে জানানো হয়েছিল, এই টিকার কার্যকারিতা ৯১ দশমিক ৪ শতাংশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্পুটনিক-৫ টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটি নিশ্চিত করেছে।

এএফপির খবরে বলা হয়েছে, টিকাটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। রুশ টিকা প্রস্তুতকারী সংস্থাটির দাবি, আন্তর্জাতিক বাজারে স্পুটনিক-৫-এর প্রতি ডোজ ১০ ডলারের কম মূল্যে পাওয়া যাবে। করোনা ঠেকাতে এই টিকার দুটি ডোজ নেওয়ার নিয়ম।

টিকাটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালেয়া রিসার্চ সেন্টার, রাশিয়া ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ও রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ৯৫ শতাংশ কার্যকারিতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। টিকার প্রথম ডোজ দেওয়ার ৪২ দিন পর পাওয়া প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে এটি নির্ধারিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রথম দফায় একটি ডোজ দেওয়ার ২৮ দিন পর টিকাটির কার্যকারিতা ছিল ৯১ দশমিক ৪ শতাংশ। ওই ক্ষেত্রে ৩৯ জনের ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছিল। ৪২ দিন পর টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগের পর এর কার্যকারিতা পাওয়া গেছে ৯৫ শতাংশ। এই ধাপে কতজনের ওপর টিকা প্রয়োগ করা হয়েছিল, সে ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্পুটনিক-৫-এর প্রথম ডোজ দেওয়া হয়েছিল ২২ হাজার স্বেচ্ছাসেবীকে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিল ১৯ হাজার জনকে। রাশিয়ার বাইরে সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, বেলারুশ ও অন্যান্য দেশের মানুষের ওপর স্পুটনিক-৫-এর পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত