২৯ ডিসেম্বর, ২০২০ ১২:৫০
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৩ জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ১৩ জন করোনা রোগীর মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ১২ জন। আর সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৩৩ রোগীর মধ্যে ১৯ জন সিলেট জেলার বাসিন্দা। বাকি ১৪ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। আর গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪০ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ১০৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫০৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৫২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৪৬৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬২ জন।
আপনার মন্তব্য