শাকিলা ববি

০৭ জানুয়ারি, ২০২৪ ০১:১৫

প্রার্থী বাছাই করে ভোট দেওয়ার সুযোগ নেই: শাহরিয়ার

শাহরিয়ার আহমদ (২২)। লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থী। সিলেট সিটি করপোরেশনের আখালিয়া নেহারি পাড়া এলাকার বাসিন্দা তিনি। এবারই তিনি প্রথম ভোট দেবেন।

সিলেটটুডে টোয়েন্টিফোরের কাছে ভোট নিয়ে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন সিলেটটুডের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি

সিলেটটুডে: জীবনে প্রথম ভোট দেবেন। কেমন অনুভূতি?
শাহরিয়ার: অনুভূতি তো দারুণ। কারণ আমাদের ভোটের মাধ্যমেই একজন যোগ্য সংসদ সদস্য নির্বাচিত হবেন কিনা তা নির্ভর করবে।

সিলেটটুডে: প্রার্থীর কী কী যোগ্যতা বিচার করে আপনি ভোট দেবেন?
শাহরিয়ার: প্রথমত যোগ্যতা বলতে গেলে আমার কাছে প্রাধান্য থাকবে তাদের অতীত ইতিহাস। আমাদের অঞ্চলের জন্য প্রার্থী পূর্বে কী ধরনের কাজ করেছেন কীভাবে তা সম্পন্ন করেছেন তার ওপর নির্ভর করেই ভোট কাকে দেবো তা নির্ভর করছে।

সিলেটটুডে: যোগ্য প্রার্থী নির্বাচনে কি আপনার সুযোগ আছে?
শাহরিয়ার: অবশ্যই, আমরা তরুণরাই যোগ্য প্রার্থী নির্বাচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখি। তবে এবারের নির্বাচনে আমি যে আসনের ভোটার (সিলেট-১ আসন) সেখানে একাধিক যোগ্য প্রার্থী নেই। তাই এখানে প্রার্থী বাছাই করে ভোট দেওয়ার সুযোগ নেই। তাই ভোটাররা যেন যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারে সেজন্য একদিক যোগ্য প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে হবে।

সিলেটটুডে: নির্বাচন নিয়ে প্রত্যাশা কী?
শাহরিয়ার: অনেক বেশি প্রত্যাশা নির্বাচন নিয়ে। কেননা আমরা দিনকে দিন উন্নত জীবন মানের দিকে এগিয়ে যাচ্ছি। ঢাকায় যেমন মেট্রোরেল ও আধুনিক স্থাপনা তৈরি করার মতো প্রকল্প নেওয়া হচ্ছে ঠিক একই ভাবে আমাদের এলাকাতেও এমন নানা ধরনের প্রকল্প নেবেন সরকার। সেই সাথে নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে বেকার সমস্যার দূরীকরণের দিকেও সরকার নজর দেবেন। উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত ধারার সকলের জন্যেই যেন বিনা বাধায় শিক্ষা ব্যবস্থার ভিত্তি গড়ে তোলার দিকে যেন দৃষ্টি রাখেন। শিক্ষা যেন পণ্যের মতো বিক্রি না হয়। সবার জন্য শিক্ষা যেন শুধু কাগজে কলমেই না থাকে। পথশিশুদের জন্য নির্ধারিত শেল্টার গঠন ও সমাজ গঠনে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমাদের নির্বাচিত সরকার দৃষ্টি দেবেন আশা করি।

আপনার মন্তব্য

আলোচিত