প্যারিস প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০২৪ ১৯:৪১

প্যারিসে ছন্দ-কবিতায় বলি সুন্দর আগামীর প্রত্যাশা শীর্ষক কবিতায় আড্ডা

দুর্নীতি, হানাহানিমুক্ত বৈষম্যহীন নতুন ভোরের প্রত্যয়ে কবি-লেখক ও আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে শিল্প-সাহিত্য, সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে 'কবিতায় আড্ডা'র ১৬তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় প্যারিসের অবারভিলিয়ের একটি হলরুমে "ছন্দ, কবিতায় বলি সুন্দর আগামীর প্রত্যাশা" শীর্ষক 'কবিতায় আড্ডা'য় বাংলাদেশের খ্যাতিমান আবৃত্তিশিল্পী লায়লা আফরোজ উপস্থিত থেকে তুলে ধরেন কবিতা-আবৃত্তি নিয়ে তার বিশ্লেষণধর্মী শিল্প ভাবনা। ছিলেন সুইডেন প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

ইপিএস কমিউনিটি ফ্রান্সের সহযোগিতায় আয়োজিত 'কবিতায় আড্ডা' সঞ্চালনায় ছিলেন অন্যতম সংগঠক ও অভিনয়শিল্পী সোয়েব মোজাম্মেল।

সূচনা বক্তব্য রাখেন আড্ডা'র সংগঠক ও সাংস্কৃতিক কর্মী রাকিবুল ইসলাম। পরে কবি, সাহিত্যিক ও আবৃত্তি শিল্পীরা একে একে মঞ্চে তাদের পরিবেশনা দিয়ে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।

আবৃত্তি করেন কবি চৌধুরী রেজাউল হায়দার, কবি মেরি হাওলাদার, তৃতীয় বাঙলা পত্রিকার সম্পাদক এনায়েত হোসেন সোহেল, নাট্যকর্মী আবু বাকার আল আমিন‌। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী কুমকুম সায়েদা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগীতশিল্পী আরিফ রানা, সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)'র সভাপতি নয়ন এনকে। ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী, আমার বাংলার পরিচালক এসকে শামীম।

আড্ডায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমেদ, ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত