সিলেটটুডে ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৬ ২০:৫০

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে প্রার্থী সিলেটের দেলওয়ার হোসেন

ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে আবারও প্রার্থী হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদেরই একজন সিলেটের সদর উপজেলার দেলওয়ার হোসেন। ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে কাউন্সিলর পদে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

আগামী ৭ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেলওয়ার ইতোমধ্যেই স্থানীয় কমিউনিটিতে ‘আস্থা ও পরিবর্তনের প্রতীক’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

দেলওয়ার হোসেনের বাড়ি সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘোপাল মনোহরপুর নয়াবাড়ী গ্রামে। তিনি সাবেক চেয়ারম্যান সিরাজুর রহমানের বড় ছেলে। ছোটবেলা থেকেই সমাজসেবামূলক চেতনায় বেড়ে ওঠা দেলওয়ার আজ সেই মূল্যবোধকে ধারণ করেই যুক্তরাজ্যের কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন।

দীর্ঘ দিন ধরে দেলওয়ার হোসেন উনার নির্বাচনী এলাকা উইভার্স ওয়ার্ডে সপরিবারে বসবাস করছেন। পেশাগত জীবনে দীর্ঘ সময় রিটেইল বিজনেস এর ম্যানেজমেন্টে কাজ করেছেন এবং বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে কাজ করছেন।

শুধু যুক্তরাজ্যেই নয়, বাংলাদেশেও তিনি কয়েকটি স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করেছেন।

এবারের নির্বাচনে লেবার পার্টির হয়ে একই ওয়ার্ডে তার সঙ্গে প্রার্থী হয়েছেন আমিনা আলী এবং মেয়র পদে প্রার্থী সিরাজুল ইসলাম। পুরো টিমটি উইভার্স ওয়ার্ডের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

নির্বাচনকে সামনে রেখে দেলওয়ার হোসেন ও তার টিম ইতোমধ্যেই জোরদার প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন তারা স্থানীয় বাসিন্দাদের দ্বারে দ্বারে গিয়ে সমস্যার কথা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন।

স্থানীয়দের প্রত্যাশা—এবার তারা এমন প্রতিনিধিকে নির্বাচিত করতে চান, যিনি বাস্তব সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, হাউজিং সংকট, পার্কিং সমস্যা এবং বাসাবাড়ির প্রয়োজনীয় মেরামতে বিলম্ব—এসব বিষয়ে কার্যকর উদ্যোগ দেখতে চান তারা।

এসব চ্যালেঞ্জ মোকাবেলায় দেলওয়ার ও আমিনা এবং মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেছেন। তাদের লক্ষ্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য ওয়াড গড়ে তোলা। এখন দেখার বিষয়, ৭ মে’র নির্বাচনে ওয়ার্ডের বাসিন্দারা কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নেন।

আপনার মন্তব্য

আলোচিত