০৯ মে, ২০২৬ ১৯:০২
ব্রিটিশ রাজনীতির আকাশে নতুন এক ইতিহাসের নাম এখন ফরহাদ হোসেন। সিলেটের বালাগঞ্জ থেকে উঠে আসা এই বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক লন্ডনের স্থানীয় নির্বাচনে বিজয় ছিনিয়ে নিয়ে সৃষ্টি করেছেন অনন্য মাইলফলক। লেবার পার্টির মনোনয়নে মেয়র নির্বাচিত হয়ে তিনি হয়ে উঠেছেন যুক্তরাজ্যের মূলধারার কোনো রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টা থেকে যুক্তরাজ্যে একযোগে স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় রাত ১০টায়।
শুক্রবার সকাল থেকে ভোট গণনা মুরু হয় বিকেলে ফলাফল ঘোষণার পর মুহূর্তেই উচ্ছ্বাসে ভেসে ওঠে সমর্থকদের মুখ।
ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মির্জাকে বড় ব্যবধানে পেছনে ফেলে লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের নির্বাহী মেয়রের বিজয়ের মুকুট পরেন ফরহাদ হোসেন। তিনি অর্জন করেন ২৫ হাজার ৫৩৮ ভোট, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বীর ঝুলিতে জমা পড়ে ২০ হাজার ২৩৪ ভোট। প্রায় পাঁচ হাজার ভোটের এই ব্যবধান তার জনপ্রিয়তার শক্ত অবস্থানই প্রমাণ করেছে।
ফরহাদ হোসেনের এই জয়কে শুধু একটি রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। তাদের মতে, এটি ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের সামাজিক অবদান, রাজনৈতিক সচেতনতা এবং মূলধারায় নিজেদের অবস্থান শক্ত করার এক গৌরবময় প্রতিচ্ছবি।
রাজনীতির মঞ্চে আসার আগেই স্থানীয় জনগণের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন ফরহাদ হোসেন। কমিউনিটি উন্নয়ন, জনসেবামূলক উদ্যোগ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা তাঁকে এনে দেয় ব্যাপক পরিচিতি।
নির্বাচনী প্রচারণায়ও তিনি গুরুত্ব দিয়েছেন স্থানীয় সেবার মানোন্নয়ন, তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বহুজাতিক সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর।
ফরহাদ হোসেনের এই ঐতিহাসিক বিজয় এখন শুধু একজন ব্যক্তির অর্জন নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন, আত্মবিশ্বাস এবং নতুন প্রজন্মের সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে। তার এই সাফল্য যেন নতুন করে জানিয়ে দিল, যোগ্যতা, পরিশ্রম আর মানুষের ভালোবাসা থাকলে বিশ্বরাজনীতির যেকোনো মঞ্চেই উড়তে পারে লাল-সবুজের পতাকা।
আপনার মন্তব্য