সিলেটটুডে ডেস্ক

২২ জুলাই, ২০২৬ ১২:২০

২৫ ও ২৬ জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা’

গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬’। বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারে নিয়োজিত সংগঠন 'বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি'র উদ্যোগে আপস্টেট নিউ ইয়র্কের চেস্টনাট রিজে দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।

আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠেয় এই আয়োজনে দেশি-বিদেশি সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের এক বিশাল মিলনমেলা ঘটবে বলে আশা ব্যক্ত করেছেন আয়োজক এবং সোসাইটির চেয়ারম্যান ড. ধনঞ্জয় সাহা।

‘পড়ুন, লিখুন, ভাবুন, ও যোগদান করুন’—এই স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে এবারের পুরো অনুষ্ঠানমালা। আয়োজক কমিটি জানিয়েছে, দু'দিনের কর্মসূচিতে থাকছে সেমিনার, একক কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, আবৃত্তি এবং লেখকদের মৌলিক কবিতা, গল্প ও ছড়া উপস্থাপনার সুযোগ। এছাড়া অংশগ্রহণকারী লেখকদের নিজ নিজ বই প্রদর্শন ও বিক্রয়ের জন্য বিশেষ স্টল ও ব্যবস্থার আয়োজন রাখা হয়েছে।

এবারের আয়োজনের অন্যতম মানবিক ও বিশেষ দিক হলো—অটিজম স্পেকট্রামে থাকা বিশেষ চাহিদাসম্পন্ন লেখকদের জন্য রাখা বিশেষ উপস্থাপনার সুযোগ। পাশাপাশি সৃজনশীল লেখকদের প্রতিভা বিকাশে থাকছে 'লাইভ রাইটিং কনটেস্ট'। আমন্ত্রিত অভ্যাগত ও সংস্কৃতিপ্রেমীদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে বাংলা ও পশ্চিমা সংগীতের মিশেলে সুরের মূর্ছনা এবং অর্গানিক আমেরিকান খাবারের সমাহার।

প্রকৃতির সান্নিধ্যে ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে প্রতিবারের মতো এবারও রিট্রিটে যুক্ত করা হয়েছে ফরেস্ট হাইক, ইয়োগা, সাঁতার, ক্যাম্পিং, ফার্ম টুর ও রিল্যাক্সেশন ডে-র মতো ব্যতিক্রমী সব কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত কবি সুবোধ সরকার এবং উদ্বোধক হিসেবে যোগ দেবেন সাহিত্যিক ড. মোস্তফা সারওয়ার। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন চেয়ারম্যান কবি মুহম্মদ নূরুল হুদা এবং কনভেনর গিয়ানা মেলা।

আগ্রহী পাঠক, লেখক ও সাহিত্যপ্রেমীদের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য bilsus.com ওয়েবসাইটে ভিজিট করতে অথবা ৯১৭-৬৯৩-৯২৯১ নম্বরে যোগাযোগ করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত