২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৩
ওয়ারেন, মিশিগান — মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে নেতৃত্ব, কমিউনিটি সম্পৃক্ততা, সাংগঠনিক কার্যক্রম এবং জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ মিশিগান ডেমোক্রেটিক পার্টির “বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড” পেয়েছেন তাহমিদ চৌধুরী।
এই যুব নেতৃত্ব পুরস্কারের মাধ্যমে নিজ নিজ কমিউনিটি ও কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে সক্রিয়ভাবে কাজ করা তরুণ নেতাদের নেতৃত্ব, সেবা এবং অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।
২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর, গ্র্যান্ড র্যাপিডসের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত মিশিগান ডেমোক্রেটিক পার্টির “বেস্ট অব দ্য ওয়েস্ট” অনুষ্ঠানে তাহমিদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
তাহমিদকে পুরস্কার প্রদান করেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট II এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্রেটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিট।
পুরস্কার প্রদানকালে মঞ্চে আরও উপস্থিত ছিলেন ইলিনয়ের গভর্নর জে.বি. প্রিটজকার, মিশিগান ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও ডেমোক্রেটিক পার্টির লেফটেন্যান্ট গভর্নর মনোনীত প্রার্থী উইনি ব্রিংকস।
তাহমিদ বর্তমানে মিশিগানের ওয়ারেন শহরের বাসিন্দা। তাঁর জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের সিলেটে। ২০২০ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসেন এবং এরপর থেকে মিশিগানে বিভিন্ন নাগরিক, সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাহমিদ বর্তমানে ওয়ারেন ক্রাইম কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বের মাধ্যমে তিনি স্থানীয় জননিরাপত্তা, বাসিন্দাদের সঙ্গে সম্পৃক্ততা এবং কমিউনিটিভিত্তিক বিভিন্ন উদ্যোগে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রে আসার আগে তাহমিদ বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্প সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি সরকারি প্রকল্প বাস্তবায়ন ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।
মিশিগানকে নিজের আবাসস্থল হিসেবে গ্রহণের পর তাহমিদ কমিউনিটি আউটরিচ, তৃণমূল পর্যায়ের সংগঠন, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণদের সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে আসছেন। তাঁর কার্যক্রম ম্যাকম্ব কাউন্টি এবং মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বিভিন্ন কমিউনিটিতে বিস্তৃত।
পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় তাহমিদ বলেন, “মিশিগান ডেমোক্রেটিক পার্টির বেস্ট অব দ্য ওয়েস্ট যুব নেতৃত্ব পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি শুধু আমার একার নয়। যেসব মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক, কমিউনিটি নেতা, বন্ধু এবং অসংখ্য মানুষ আমাকে শেখার, সেবা করার এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন—এই অর্জন তাঁদেরও। আমার এই পথচলার অংশ হওয়া প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে তাহমিদকে সমর্থন জানাতে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বিএএম)-এর সভাপতি জাবেদ চৌধুরী এবং উপদেষ্টা সুমন কবির।
তাহমিদ বলেন, এই স্বীকৃতি কমিউনিটি সম্পৃক্ততা, জনসেবা এবং ভবিষ্যৎ প্রজন্মের তরুণ নেতৃত্ব তৈরিতে তাঁর কাজ আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগাবে।
“আমার লক্ষ্য সবসময়ই খুব সহজ—মানুষের পাশে থাকা, তাঁদের কথা শোনা, কঠোর পরিশ্রম করা এবং কমিউনিটির সেবা করা,” তাহমিদ বলেন। “সামনে এখনও অনেক কাজ বাকি। যেসব অসাধারণ মানুষ ও কমিউনিটির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, তাঁদের সঙ্গে সেই কাজ অব্যাহত রাখতে আমি আগ্রহী।”
এই সম্মাননার জন্য তাহমিদ মিশিগান ডেমোক্রেটিক পার্টি ও মিশিগান ১০ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেস্ট অব দ্য ওয়েস্ট অনুষ্ঠানে সম্মানিত অন্যান্য তরুণ নেতাদেরও অভিনন্দন জানান।
আপনার মন্তব্য