শাবিপ্রবি প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২৫ ০০:০৯

শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত, এবার ডিসির কাছে স্মারকলিপি

বুয়েটের শিক্ষার্থী রোকনকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রতিবাদ এবং তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও পরবর্তীতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। এদিন ‘নো ক্লাস, নো এক্সাম, নো অ্যাটেনডেন্স’ কর্মসূচির ঘোষণা করেছেন তারা।  
 
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর দেড়টায় প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি করা হয়।
 
বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদের ‘এক, দুই, তিন, চার, ডিব্বা তুই কোটা ছাড়'; ‘একটা একটা সন্ত্রাস ধর, ধইরা ধইরা জেলে বর’; ‘আই ডিব্বা দেখে যা, রাজপথে তোর বাপেরা’'; ‘দশম গ্রেড উন্মুক্ত, করতে হবে- করতে হবে’; ‘বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার, মানি না-মানব না’; 'চাকরি-বাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর’; ‘ডিব্বাদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি নানান স্লোগান দিতে শোনা যায়।  
 
বিক্ষোভ সমাবেশে শেষে বিশ্ববিদ্যালয়ের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, “বুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী রোকনকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেন ডিপ্লোমাধারীরা। তাদেরকে অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমাদের ভাইয়ের উপর কোন অমানুষ-ডিপ্লোমাধারীর যদি নখের আছড়ও দেয়, সেটার জবাব আমরা রাজপথে দিব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”
 
এসময় আন্দোলনকারীদের তিন দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো- ১. ইঞ্জিনিয়ারিং এবং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে মেধাক্রম দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। ২. টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ পূরণের জন্য উন্নত করতে হবে। অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষায় সুযোগ দিতে হবে। ৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত