নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৫ ২২:১৮

প্রশাসনের ‘পক্ষপাতমূলক ভূমিকা’: শাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্র ইউনিয়নের

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনকে ‘অস্বচ্ছ, অবিশ্বস্ত ও প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাবিপ্রবি সংসদ।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা বলেন, নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা, প্রার্থীদের নিরাপত্তাহীনতা ও সমান সুযোগের ঘাটতির কারণেই নির্বাচন থেকে সড়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠনের পর থেকেই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। কমিশনের চার সদস্যের পদত্যাগকে তারা ‘সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম কাঠামো যে নেই তার প্রামাণ দিয়েছে। আমরা তিন দফা দাবি তুলেছিলাম যার মধ্যে- উপাচার্যের বিতর্কিত মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, গঠনতন্ত্র সংশোধনে অংশীজনদের সঙ্গে আলোচনা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচন আয়োজন। তবে এসব বিষয়ে কমিশন বা প্রশাসন কেউই আমাদের সাথে কোনো আলোচনায় বসার প্রয়োজন মনে করেনি।

লিজা অভিযোগ করে বলেন, ক্ষমতাসংলগ্ন কিছু ব্যক্তি ও শিক্ষার্থী তাদের প্রার্থী ও সমর্থকদের ওপর মানসিক চাপ, হুমকি-ধামকি ও মব উস্কানির চেষ্টা চালিয়েছে যাচ্ছে। এতে প্রার্থীদের নিরাপত্তাহীনতা তৈরি হলেও প্রশাসন ‘নীরব ও নিষ্ক্রিয়’ রয়েছে বলেও জানান। এছাড়া ক্যাম্পাসে বিভিন্ন গ্রুপকে অনুষ্ঠান, টেন্ট ও সাংস্কৃতিক কর্মসূচির অনুমতি দিলেও ছাত্র ইউনিয়নের ক্ষেত্রে ‘বৈষম্যমূলক আচরণ’ করা হয়েছে। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরির প্রয়োজনীয় শর্ত আর বিদ্যমান নেই।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি শাখার সংগঠক জুবায়ের আহমেদ জুয়েল ও প্রান্তিক দীপম।

এবিষয়ে শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, তারা তাদের অভিযোগগুলো লিখিত আকারে আমাদেরকে জানালে সে অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত