সিলেটটুডে ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৬ ১৪:১১

ওসমান হাদির নামে এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের নামকরণ

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের নতুন নামকরণ করা হয়েছে। ব্লকটির নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ ওসমান হাদি হল’।

গত ৩ জানুয়ারি বিকালে ছাত্রাবাসে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ছাত্রাবাস মসজিদের ইমাম। দোয়ায় ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে তার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।

দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে প্রথম ব্লকের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ হিসেবে ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম ছাত্রাবাসের প্রিফেক্ট তালহা। ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীদের সম্মিলিত সমর্থনে এ নামকরণ কার্যক্রম সম্পন্ন হয়।

নামকরণ অনুষ্ঠানে ছাত্রাবাসের সিনিয়র শিক্ষার্থী মাহমুদুল হাসান, মো. রাজু খান, সুহেল আহমেদ, সিজান, সুহাগ, জাবেরসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত