শারমিন শামস্

০৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:৪৯

সাহস আর সততা নিয়ে এগিয়ে যাক সিলেটটুডে

আমার খুব পছন্দের নিউজ পোর্টাল সিলেটটুডে ২৪ ডটকম সম্প্রতি দুই বছর পূর্ণ করেছে। এটা নিয়ে আমার একটু লিখতে ইচ্ছে করছিল, কিন্তু কীভাবে যেন লেখা হয়ে ওঠেনি। এখন মনে হল, শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ কোনো দিবস লাগে না। ভালোবাসা জানানোর কোন দিন তারিখ নিয়ম থাকতে পারে না।

সিলেটটুডে ২৪ ডটকম আমার খুব প্রিয়, কারণ এটি একটা সাহসী পোর্টাল। সাহসী যেকোন কিছুই আমার প্রিয়। সাহসী মানুষ, সাহসী, পত্রিকা, সাহসী বই, সাহসী গান, সাহসী চলচ্চিত্র। এই পোড়ার দেশে, ঘুনে ধরা সমাজে, অস্থির বিশ্ব পরিস্থিতিতে আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে সৎ সাহস নামের জিনিসটি। সাহস আমাদের প্রতিবাদ করতে শেখায়, মিথ্যার দিকে আঙুল তুলতে শেখায়, সাদাকে সাদা আর কালোকে কালো বলতে বাধ্য করে। সাহস হচ্ছে তাই, যা না থাকলে যে কোন পত্রিকার ভাষা নপুংসক ভাষায় পরিণত হয়।

এই কঠিন-কঠোর জীবন জগতে, নোংরা রাজনীতির যুগে, নৈতিকতাহীন সমাজে সৎ আর সাহসী সাংবাদিকতার চেয়ে কঠিন কাজ খুব কম আছে। শত প্রলোভন আর হুমকি-ধামকি সহ্য করে বা এড়িয়ে গিয়ে মাথা উঁচু করে পথ চলার শক্তি- বুকের গভীরে সততা থাকলেই ধরে রাখা সম্ভব। এখন পর্যন্ত সিলেট টুডে সেটি পারছে। অভিনন্দন সিলেট টুডে'কে। মাত্র দু'বছরে অনলাইন পত্রিকাটি প্রমাণ করে দিয়েছে, নিয়মিত এতে চোখ রাখলেই খবর আর খবরের ভেতরের খবরের বিষয়ে আপডেট থাকা সম্ভব।

আর একটা কারণ আছে সিলেট টুডে'র প্রতি আমার পক্ষপাতের। সেটা দারুন সব কলামের জন্য। আমার প্রিয় অসংখ্য কলামিস্টের লেখা তারা রেগুলার ছাপান। আর আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, কারণ তারা আমার সেইসব লেখা ছাপিয়ে আমাকে ধন্য করেছেন, যে লেখাগুলো সাহস না থাকলে কোন পত্রিকার পক্ষে ছাপানো সম্ভব নয়। আমি নির্দ্বিধায় বলতে পারি, যখনই লেখা দিয়েছি, দ্রুত এবং নির্ভুল সেই লেখা চলে গেছে পত্রিকার পাতায়। কিছু কিছু লেখা লাখ লাখ মানুষের কাছেও পৌঁছুতে দেখেছি। আমি সত্যিই কৃতজ্ঞ। এখনো অনেক জায়গায় লিখতে গেলে দেখি অনেকেই ভয় পান, ‌'এই শব্দটি, ওই বাক্যটি' বাদ দিতে অনুরোধ করেন। সিলেট টুডে'র কাছ থেকে এই অনুরোধ কখনো আসেনি। আমি আমার মনের ঝাল মিটিয়ে মিথ্যা আর অন্যায়ের বিরুদ্ধে যা লিখেছি, তারা তাই ছাপিয়েছেন।

ধন্যবাদ সিলেট টুডে। ধন্যবাদ সিলেটটুডের গোটা টিমকে। তাদের পরিশ্রম চোখে পড়ার মত। ভালো থাকুক সিলেট টুডে। অনেক অনেক শুভকামনা। আরো সাহসী আর নির্ভীক হোক তারা, আরো সততা তাদের চলার পথকে উজ্জ্বল আর বলিষ্ঠ করে তুলুক।

  • শারমিন শামস্: লেখক, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা।

আপনার মন্তব্য

আলোচিত