০৫ মে, ২০২৬ ১০:৫৪
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজয়ী হয়েছে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে রাজ্যজুড়ে বইতে থাকা এই গেরুয়া ঝড়ের কবলে পড়ে ভাগ্য নির্ধারিত হয়েছে টলিউডের একঝাঁক তারকার।
গতকাল সোমবার (৪ মে) নির্বাচনের ফলাফলে দেখা যায়, হেভিওয়েট তারকা প্রার্থীদের কেউ কেউ শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন, আবার কারও গলায় উঠেছে বিজয়ের মালা।
এবারের বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে প্রায় ১৬ হাজার ভোটে পরাজিত করেন রুদ্রনীল। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে তিনি তৃণমূল ঘনিষ্ঠ হন। পরে ২০২১ সালের আগে কেন্দ্রীয় নেতা অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। আগের নির্বাচনে পরাজিত হলেও এবার নিজের ঘাঁটি শক্ত করে জয়ের দেখা পান তিনি।
নদীয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেননি সোহম চক্রবর্তী। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করেন। প্রায় ১০ হাজারের বেশি ভোটে পরাজিত হন সোহম।
অন্যদিকে, বরানগর কেন্দ্রেও তৃণমূলের জন্য হতাশার খবর আসে। সেখানে দলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে হারান বিজেপির সজল ঘোষ।
বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে বড় জয় পেয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জী। হাওড়ার শ্যামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী নদেবাসী জানাকে ২২ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জী।
ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়া নির্মাতা রাজ চক্রবর্তী বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। এর মাধ্যমে রাজনীতির মাঠে দ্বিতীয়বারের মতো হারের স্বাদ পেলেন তিনি।
আপনার মন্তব্য