সিলেটটুডে ডেস্ক

০৯ আগস্ট, ২০২৬ ১৫:৫৯

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। এরপর সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়। সিআইডিতে একটি মামলা চলমান রয়েছে। তারা মামলাটি তদন্ত করছে।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত এ ঘটনায় হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

জানা যায়, একাধিক তদন্ত সংস্থার হাত ঘুরে সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে দীর্ঘদিন তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি তাদের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করে। তবে তার পরিবার ও ভক্তরা ওই প্রতিবেদন মেনে নেননি।

এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা ও বিতর্ক চলে আসছে। তবে এ ঘটনায় এতদিন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ছিল। বর্তমানে হত্যা মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যু নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। দীর্ঘদিনের তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্তের পর্যায়ে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত