৩০ আগস্ট, ২০২৬ ১৩:২০
শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা।
ভৈরব টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তার গাড়ির বেশ ক্ষতি হলেও বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী ও সঙ্গে থাকা সবাই।
শনিবার রাত পৌনে ১টার দিকে দুর্ঘটনার পরপরই ফেইসবুকে লাইভে এসে এ খবর জানিয়েছেন তিশা।
অভিনেত্রী বলেন, “ভৈরব ব্রিজটা জাস্ট ক্রস করে টোল প্লাজা পার হওয়ার পরই একটা পিকআপ ভ্যান আমাদের গাড়িতে সরাসরি ধাক্কা দিয়ে চলে যায়।"
তিশা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, তিশার গাড়ির ড্রাইভার মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে স্থানীয় এক বাজারে গিয়ে ধরে ফেলে। তবে পিকআপের চালক চাবি রেখে পালিয়ে যায়।
লাইভে তিশা বলেন, "খুবই বাজে ধরনের এক্সিডেন্ট হয়েছে, অল্পের জন্য আমরা বেঁচে গেছি। গাড়ির অবস্থা বেশ খারাপ।"
দুর্ঘটনার স্থানটিতে ইতোমধ্যেই পুলিশ পৌঁছেছে জানিয়ে অভিনেত্রী আরও বলেন, গাড়িতে তার সঙ্গে একজন ফটোগ্রাফার ও সহকারী উপস্থিত ছিলেন।
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্য করে অভিনেত্রী বলেন, “মানসিকভাবে ট্রমাটাইজড হলেও শারীরিকভাবে আমরা সবাই ঠিক আছি।”
'আগস্ট ফর্টিন’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন তাসনুভা তিশা। এরপর বেশ কিছু কাজ করেছেন তিনি। বর্তমানে ব্যস্ত আছেন নাটকের কাজ নিয়ে।
আপনার মন্তব্য