সিলেটটুডে ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৬ ১০:৪৯

দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’ পেল সেন্সর ছাড়পত্র

প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি দেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গ্যাপ’ প্রদর্শনের আনুষ্ঠানিক অনুমতি মিলেছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কোনো ধরনের দৃশ্য কর্তন ছাড়াই ছবিটিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে।

মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় এই সিনেমায় অভিনয় ও ভিজ্যুয়ালের কাজ করেছেন আর্ক শিহাব, মাবরুর রশিদ বান্নাহ নিজে, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি ও জাহাঙ্গীর আলম।

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর মতে, ‘গ্যাপ’ নিছক কোনো চলচ্চিত্র নয়, বরং বাংলা ছবির দুনিয়ায় এটি একটি ভিন্নধর্মী ও সাহসী পদক্ষেপ। সম্পূর্ণ এআই প্রযুক্তির সাহায্যে সিনেমাটি তৈরির ভাবনাটা শুরুতে অনেকের কাছে অসম্ভব ঠেকলেও পুরো দল পিছু হটেনি। বিশ্বমানের নানা এআই টুল ব্যবহার করে দীর্ঘ সাধনার পর ছবিটির প্রতিটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। কোনো দৃশ্য বাদ না দিয়ে ছাড়পত্র পাওয়াকে পুরো টিমের জন্য বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি। কম বাজেট ও সীমিত জনবল নিয়েও যে আন্তর্জাতিক মানের কাজ করা যায়, তা এই সিনেমা প্রমাণ করবে বলে তার বিশ্বাস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য থেকে শুরু করে চরিত্র সৃজন, অ্যানিমেশন, আবহসংগীত এবং ভিজ্যুয়াল ইফেক্টসের বড় অংশই এসেছে এআই প্রযুক্তির মাধ্যমে। আকবর হায়দার মুন্না প্রযোজিত এই ছবিটি ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত