১৭ এপ্রিল, ২০১৬ ০১:২৩
ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ অভিনেতা মিশু সাব্বির এবং অভিনেত্রী সাবিলা নূর। ইতোমধ্যে তাদের দু’জনকে একসঙ্গে দেখা গেছে বেশ কিছু নাটকে। সম্প্রতি তারা জুটি বেধে কাজ করছেন ‘যেমন খুশি তেমন সাজো’ নামের একটি খন্ড নাটকে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মনিরুজ্জামান লিপন। ‘যেমন খুশি তেমন সাজো’ নাটকে সাবিলা নূরকে বিজলী এবং মিশু সাব্বিরকে শান্তু চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সেখানেই দেখা যাবে সাবিলাকে নানা রঙে রাঙিয়ে দিচ্ছেন মিশু।
মিশু-সাবিলা ছাড়াও নাটকে আরো অভিনয় করেছেন কচি খন্দকার, আবদুল্লাহ রানাসহ অনেকেই।
নাটকটি প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘নাটকের গল্পটি অনেক মজার। কাজ করতে গিয়ে বেশ উপভোগ করছি। এখানে আমাকে রাশভারী চরিত্রে দেখা যাবে। এছাড়া নাটকে দর্শকরা দেখতে পাবেন বিভিন্ন প্রতিযোগিতার দৃশ্য। তাছাড়া নাটকটি বেশ কালারফুল। এখানে নাচ-গান এবং বিভিন্ন স্টেজ শোতে পারফর্মিং দেখা যাবে। আশা করি ভালো লাগবে দর্শকদের।’
শুক্রবার, ১৫ এপ্রিল নারিন্দায় শুটিং শেষে আজ নাটকটির দৃশ্যধারণ চলছে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এবং সূত্রাপুরে। আজই নাটকটির শুটিং শেষ হবে বলে জানালেন নির্মাতা। এবং এটি আগামী ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।
আপনার মন্তব্য