১৫ জুন, ২০১৬ ২০:৪১
রাজধানীর মহাখালী এলাকার একটি বাসায় মাহাপারা রহমান ওরফে শৈলী নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ওই বাসা থেকে তাঁকে অচেতন অবস্থায় মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
নিহত শৈলী রহমানের পরিবার জানায়, শৈলী মডেলিং করতেন। তাঁর বাবা মতিউর রহমান একজন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি)। তাঁদের গ্রামের বাড়ি বরিশালের ইব্রাহিমপুরে। শৈলীকে তাঁর স্বামী নির্যাতন করতেন বলে তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেছেন।
বনানী থানার পুলিশ জানায়, শৈলী ১০৫/৩ মহাখালী বাজার গেটে থাকতেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর স্বামী অভিজিৎ বাচ্চি শৈলীকে অচেতন অবস্থায় মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, শৈলীর বাবা অবসরপ্রাপ্ত এসপি মতিউর রহমান অভিযোগ করেছেন, স্বামী অভিজিৎ বাচ্চি তার মেয়ে শৈলীকে নির্যাতন করতেন। তাই ধারণা করা হচ্ছে, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে শৈলী আত্মহত্যা করতে পারেন।
তবে পুলিশের কাছে অভিজিৎ বাচ্চি দাবি করেছেন, পারিবারিক বিষয় নিয়ে কলহের জের ধরে শৈলী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
ওসি বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে অভিজিৎ বাচ্চিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য