২৫ জুন, ২০১৫ ০২:২৮
স্পাইডারম্যানের নতুন পিটার পারকারকে খুঁজে পাওয়া গেছে। আসছে 'ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার'-এ মাকড়সা মানবের নীল আর লাল পোশাকে দেখা যাবে নতুন অভিনেতা টম হলান্ডকে। স্পাইডারম্যান সিরিজের নতুন পর্বেও তাকেই দেখা যাবে। সনি পিকচারস এই নতুন স্পাইডারম্যানকে বেছে নিয়েছে দেড় হাজার হাই স্কুল শিক্ষার্থীর মধ্য থেকে।
খুব গোপনে কাজটি করা হলেও মার্ভেল এবং সনি পিকচারস থেকে তার নাম-ছবি ফাঁস হয়েছে। স্পাইডারম্যান চরিত্রে একজন ককেশিয়ানকে বেছে নেওয়া হবে।
স্পাইডাম্যানের স্রষ্টা স্ট্যান লি এর আগে বলেছিলেন, স্পাইডারম্যান অবশ্যই সাদা চামড়ার হবে। তা ছাড়া তার যৌন আচরণ স্বাভাবিক হবে। অর্থাৎ, পুরুষ হিসেবে একজন নারীর প্রতি ভালোবাসা অনুভব করবে সে। হলান্ডের সঙ্গে আশা বাটারফিল্ড, চার্লি রোয়ি, জুডাহ লিউইস, ম্যাথিউ লিৎজ-এর নাম প্রকাশ করা হয়েছে। এ বছরের মে মাসের শেষের দিকে আটলান্টায় তাদের স্ক্রিন টেস্ট সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।
তবে একেবারে নতুন নয় টম। দ্য মিউজিক্যাল, দ্য ইম্পসিবল এবং ২০১২ ছবিতে অভিনয়ের মাধ্যমে চারটি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। সেরা নবাগতদের তালিকায় চলে আসে তার নাম। পিটার পার্কার চরিত্রে এর আগে টবি ম্যাগুয়ার অভিনয় করেছেন।
নতুন অভিনেতাকে নিয়ে নতুন স্পাইডারম্যানের ছবিটি ২০১৭ সালের ২৮ জুলাই মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। এটি পরিচালনা করবেন জন ওয়াটস। খবর সূত্র : টেলিগ্রাফ।
আপনার মন্তব্য