আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুলাই, ২০২১ ১৭:২১

মোদির মন্ত্রিসভায় বড় রদবদল, সন্ধ্যায় শপথ

বুধবার সন্ধ্যে ৬টায় নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হতে চলেছে। এসময় নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর শপথ নেবেন ৪৩ জন নতুন মন্ত্রী।

এদিকে এর কয়েক ঘণ্টা আগেই পদত্যাগ করেছেন দেশটির একাধিক মন্ত্রী। তার মধ্যে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। মন্ত্রিত্ব ছেড়েছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কও। এই তালিকায় আরো কয়েকজন মন্ত্রী রয়েছেন।

গত বছর জানুয়ারি থেকে থাবা বসিয়েছে করোনা। এরপর ক্রমেই বেড়েছে সংক্রমণ। প্রথম ঢেউ শেষ হতে না হতে আছড়ে পড়েছে দ্বিতীয় ঢেউ। তাতে সংক্রমণ চার লাখের গণ্ডি পেরিয়েছে। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের শোচনীয় পরিস্থিতি তৈরি হয়।

এসব নিয়ে বারবার আঙুল উঠেছে মোদি সরকারের দিকে। অভিযোগ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এই অবস্থা। প্রশ্ন উঠছে কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়েও। সেজন্যও তুমুল সমালোচিত হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

এই পরিস্থিতিতে হর্ষ বর্ধনের ইস্তফা গুরুত্বপূর্ণ বিষয়। মনে করা হচ্ছে, সমালোচকদের মুখ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিল মোদি সরকার। এভাবে আসলে অভিযোগের ক্ষতে প্রলেপ দিতে চাইছে। কারণ তাদের আসল লক্ষ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচন।

কেন্দ্রীয় নতুন মন্ত্রিসভায় মোট ৮১ জন মন্ত্রী হতে পারেন। বর্তমানে ৫২ জন মন্ত্রী রয়েছেন। ২৯টি পদ ফাঁকা রয়েছে। নতুন মন্ত্রিসভায় কে ঠাঁই পাবেন? যার উত্তর মিলবে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে।

আপনার মন্তব্য

আলোচিত