১৮ আগস্ট, ২০২১ ২১:৩০
অবশেষে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনি।
সংযুক্ত আরব আমিরাত সরকার নিশ্চিত করেছেন যে তিনি পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। খবর সিএনবিসির।
তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর পালিয়ে যান সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনি। কাবুল থেকে পালিয়ে প্রথমে তাজাকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সেখানে আশ্রয় না পেয়ে বিমান ঘুরিয়ে ওমান পৌঁছান তিনি। তারপর থেকে আশরাফ গনির সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আশরাফ গনিকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করে। বিবৃতিতে বলা হয়, "সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় থেকে আশরাফ গনি এবং তার পরিবারকে মানবিকতার তাগিদে স্বাগত জানানো হয়েছে।"
এদিকে, আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার সময় আশরাফ গনি চারটি গাড়ি ভর্তি নগদ অর্থ সাথে নিয়েছিলেন বলে আফগানিস্তানে অবস্থিত রাশিয়ান দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছিলেন।
আপনার মন্তব্য