২৩ নভেম্বর, ২০২৬ ২০:১১
সিলেটের কানাইঘাটে আটকের পর পুলিশের কাছ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক নেতাকে বহিস্কার করেছে জেলা বিএনপি।
রবিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে কানাইঘাট থানার সীমান্তবর্তী মুলাগুল বাজারে দুই ছাত্রলীগ নেতাকে আটকের পর ছিনিয়ে নেয় স্থানীয়রা। আর সোমবার (২৩ নভেম্বর) বিবৃতি দিয়ে কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আফসর হোসেনকে দল থেকে বহিস্কার করে বিএনপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে মুলাগুল বাজার থেকে ছাত্রলীগ নেতা শাহেদ রানা (২৪) ও সাদেক আহমদ (২০) কে আটক করে পুলিশ। তাদের হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা বাধা দেন। এক পর্যায়ে তারা পুলিশের হাত থেকে হাতকড়া পরানো অবস্থায় আটককৃতদের ছিনিয়ে নেন।
তবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে শাহিদ রানাকে আটক করতে গিয়েছিল পুলিশ। কিন্তু স্থানীয়রা বাধা দিলে তাকে আটক করা সম্ভব হয়নি।
তবে হাতকড়া পরানো অবস্থায় তাকে ছিনতাইয়ের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
এদিকে, সোমবার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগীতার অভিযোগে আফসর হোসেনকে বহিস্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বহিস্কারের সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।
তবে কোন নিষিদ্ধ সংগঠনকে কীভাবে সহযোগীতা করা হয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এরআগে গত ৯ নভেম্বর সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর 'হামলা চালিয়ে' আটক করা এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেন স্থানীয়রা। এসময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ।
আপনার মন্তব্য