০৭ জুন, ২০১৬ ০৯:১২
মে মাসে বিপুল অস্ত্রসহ আটক একজন ফরাসি নাগরিকই ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্ট চলার সময়টিতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী বলে জানিয়েছে ইউক্রেইনের নিরাপত্তা সংস্থা এসবিইউ।
ফ্রান্সের গণমাধ্যমগুলোতে ওই ব্যক্তির নাম গ্রেগোয়া মুতো (২৫) বলে উল্লেখ করা হয়েছে।
সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, মুতোকে মে মাসের শেষদিকে পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেইনের শহর ইয়াগদিন থেকে আটক করা হয়।
‘সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেইন’ (এসবিইউ) এর প্রধান ভ্যাসিল রিতসাক বলেন, উগ্র-জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী ওই ব্যক্তি ইউরো ফুটবল চলাকালে অন্তত ১৫টি স্থানে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।
রিতসাক আরও বলেন,হামলার প্রস্তুতি হিসাবে মুতো আগ্নেয়াস্ত্র, ডেটনেটর ও ১২৫ কেজি টিএনটি জোগাড় করেছিলেন। তৈরি করেছিলেন হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকাও। এ তালিকায় সেতু, সড়কপথ, একটি মসজিদ ও ইহুদিদের একটি ধর্মশালা রয়েছে।'
আগামী শুক্রবারই ফ্রান্সে শুরু হচ্ছে ইউরো ফুটবলের এবারের আয়োজন। যুক্তরাষ্ট্র আগেই এ টুর্নামেন্ট চলাকালে হামলা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।
হামলার আশঙ্কা এখনও আছে বলে জানিয়েছেন ফ্রান্সের নিরাপত্তা বিশ্লেষকরা। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলন্দ রোববার সতর্ক করে বলেছেন টুর্নামেন্ট ইসলামিক স্টেট (আইএস) এর হামলার লক্ষ্য হতে পারে।
ফরাসি নাগরিক মুতোর বিরুদ্ধে অস্ত্র পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন এসবিইউ প্রধান রিতসাক। তবে মুতো ইউরো টুর্নামেন্টের কোনও খেলায় হামলার পরিকল্পনা করছিলেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
সর্বপ্রথম ফ্রান্সের টেলিভিশন নেটওয়ার্ক এম৬ টিভিতে ইউক্রেইনে ২১ মে একজন ফরাসি নাগরিকের গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশ পায়।
তাদের খবরে বলা হয়, আটক ব্যক্তি ফ্রান্সের পূর্বাঞ্চলের একটি সমবায় ফার্মের কর্মী। এর আগে ওই ব্যক্তির অপরাধমূলক কোনও কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পুলিশের কাছে নেই।
এসবিইউ কর্তৃপক্ষ জানায়, গত বছর ডিসেম্বর থেকে তারা আটক ব্যক্তির উপর নজর রাখা শুরু করে। ওই সময় সে পাঁচটি কালাশনিকভ, দুইটি অ্যান্টি-ট্যাঙ্ক গ্রেনেড লাঞ্চার, প্রায় পাঁচ হাজার রাউন্ড গুলি, ১০০টি ডেটোনেটর ও প্রচুর পরিমাণ বিস্ফোরক দ্রব্য ক্রয় করে।
এসবিইউ-র পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে একটি গাড়ি থেকে ফরাসি ওই নাগরিককে আটকের নাটকীয় দৃশ্য দেখা যায়। তার সঙ্গে গাড়িতে আরও একজন ছিল।
আটক ব্যক্তির বাড়ি ফ্রান্সের ছোট্ট গ্রাম নঁ-ল্যু-পেতিতে। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে এবং সেখান থেকে বিস্ফোরক দ্রব্য ও সম্পূর্ণ মুখমণ্ডল ঢাকা টুপি উদ্ধার করা হয়েছে।
ফ্রান্সে ১০ জুনের ইউরো-২০১৬ ফুটবল টুর্নামেন্টে সন্ত্রাসী হামলার হুমকি থাকায় ইউরোপে ফুটবলের সবচেয়ে বড় এই আসর ঘিরে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
গত রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট অলন্দ বলেন,‘সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে। কিন্তু তাতে ফ্রান্স ভীত নয়।’
আপনার মন্তব্য