৩০ আগস্ট, ২০২৬ ১৩:০৭
সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডেও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। শনিবার ২৯ আগস্ট নগরের কুমারপাড়া সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলে অনুষ্ঠিত পৃথক সিদ্ধান্তের মাধ্যমে জনাব শামসুল বাশিত শেরোকে সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের সভাপতি এবং সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়।
ফাউন্ডেশনের সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি হ্যারল্ড রশীদ। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তাঁর পক্ষ থেকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণের আগ্রহ প্রকাশ করা হলে বিষয়টি সভায় আলোচনা করা হয়। ফাউন্ডেশনের কার্যক্রমের ধারাবাহিকতা, সাংগঠনিক সক্ষমতা ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শামসুল বাশিত শেরোকে ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত করা হয়। একই সঙ্গে ইসমাইল গনি হিমনকে সদস্য-সচিব এবং জনাবা ঈশিতা রায়কে কোষাধ্যক্ষ হিসেবে পুণরায় দায়িত্ব প্রদান করা হয়।
ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য হিসেবে খান মো. বিলাল, বিপ্রেস রঞ্জন রায়, আতাউল গনি উমন, বেলাল আহমেদ, মো. আল আমিন, সঞ্জীব চৌধুরী, আব্দুল মালেক, শামিম মজুমদার, অনিন্দ্য বর্ষণ ধর এবং রহিমা খানম দায়িত্বে বহাল রয়েছেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও কার্যক্রম
সভায় সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠা, নিবন্ধন ও দীর্ঘদিনের কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি শিল্পচর্চা, বিশেষ শিক্ষা, অটিজম সচেতনতা এবং সৃজনশীল কার্যক্রমে কাজ করে আসছে। পরবর্তীতে ২০১৫ সালে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন লাভ করে ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল, সিলেট আর্ট স্কুল, শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস এবং সিলেট আর্টস কলেজসহ বিভিন্ন শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
সভায় ফাউন্ডেশনের ২০১৯–২০২০ থেকে ২০২৪–২০২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব ও অডিট রিপোর্ট উপস্থাপন করা হয়। উপস্থাপিত আর্থিক বিবরণী সভায় পর্যালোচনা, গ্রহণ ও নথিভুক্ত করা হয়।
সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকে জেলা প্রশাসন, সিলেটের সঙ্গে বিদ্যমান সহযোগিতা ও সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, ফাউন্ডেশনের স্বচ্ছতা, জবাবদিহিতা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক কার্যক্রমের স্বার্থে জেলা প্রশাসন, সিলেটের সহযোগিতা, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা অব্যাহত থাকবে।
সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডেও নতুন নেতৃত্ব
অন্যদিকে, সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসেবে জনাব শামসুল বাশিত শেরোকে নির্বাচিত করা হয়েছে।
ট্রাস্টি বোর্ডে ট্রাস্টি হিসেবে দায়িত্বে রয়েছেন হ্যারল্ড রশীদ, খান মোহাম্মদ বিলাল, দেবাশীষ দেবু, ইসমাইল গনি হিমন এবং আশিস আচার্য।
ফলে একই নেতৃত্বের অধীনে ফাউন্ডেশন ও সিলেট আর্টস কলেজের কার্যক্রমের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও সহযোগিতার সুযোগ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সভায় বক্তারা বলেন, ফাউন্ডেশনের দীর্ঘদিনের কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও গতিশীল করতে সাংগঠনিক সমন্বয়, আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিকল্পিত কর্মসূচির ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে শিল্প ও সৃজনশীলতার ব্যবহার আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
নবনির্বাচিত সভাপতি শামসুল বাশিত শেরো ফাউন্ডেশন ও সিলেট আর্টস কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন। তিনি প্রতিষ্ঠান দুটির চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও সময়োপযোগী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ফাউন্ডেশনের সদস্য-সচিব ইসমাইল গনি হিমন বলেন, শিক্ষা, শিল্পচর্চা, বিশেষ শিক্ষা ও অটিজম সচেতনতামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে।
সভায় ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি হ্যারল্ড রশীদের দীর্ঘদিনের অবদান, নেতৃত্ব ও সেবার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন এবং সিলেট আর্টস কলেজের শিক্ষা, শিল্প, বিশেষ শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।
আপনার মন্তব্য