২৬ জুন, ২০১৬ ০৩:৫৪
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০জন আহত এবং বেশ কয়েকজনকে জিম্মি করে রেখেছে সন্ত্রাসীরা।
শনিবার সংঘঠিত এ হামলার খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ। পুলিশ বলছে, জঙ্গিগোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।
বন্দুকধারীরা বেশ কয়েকজনকে জিম্মিও করে রেখেছে। খবর বিবিসি ও আলজাজিরার।
মোগাদিসুর দক্ষিণে নাসো-হ্যাব্লড নামের ওই হোটেলে অতর্কিতে ঢুকে পড়ে বেশ কয়েকজন বন্দুকধারী।
বার্তা সংস্থা এপি জানায়, বন্দুকধারীরা হোটেলের ভেতরে ঢুকেই ভেতরে অবস্থানরত লোকজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে। এ ছাড়া বেশ কয়েকজনকে জিম্মি করে ফেলে।
খবর পেয়ে সোমালিয়ার সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। সেনাবাহিনী ওই হোটেল ঘিরে ফেলে অভিযান চালানোর চেষ্টা চালায়।
সেনাবাহিনী অভিযান চালানোর চেষ্টা চালানোর সময় বন্দুকধারীরা হোটেলের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। তবে সেনাসদস্যরা হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ওই হোটেল থেকে পালিয়ে আসা আলী মাহমুদ নামের এক ব্যক্তি বলেন, ‘আমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসেছি। বন্দুকধারীরা যাকে দেখছে, তাকেই গুলি করছে।’
বন্দুকধারীরা কতজনকে জিম্মি করে রেখেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মন্তব্য