২২ এপ্রিল, ২০১৯ ১৮:৩৬
শ্রীলঙ্কার কলম্বোতে রোববারের সিরিজ বোমা হামলায় বিধ্বস্ত সেইন্ট অ্যান্থনি চার্চের কাছ থেকে সোমবার (২২ এপ্রিল) নতুন বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। নতুন করে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
নিরাপত্তা বাহিনীর একটি নিষ্ক্রিয়করণ ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা চালানোর সময় তা বিস্ফোরিত হয় বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, ‘বিশেস টাস্ক ফোর্স (এসটিএফ) ও বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট যখন বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলো, তখন গাড়িটি বিস্ফোরিত হয়।’ পুলিশ জানিয়েছে, গাড়িটি হামলাকারীদের ছিল।
গার্ডিয়ানের প্রতিবেদক মাইকেল সাফি এলাকার আশেপাশেই ছিলেন। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে মানুষের ছুটোছুটির কয়েকটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন তিনি।
এদিকে সোমবার দেশটির প্রধান বাস স্টেশন থেকে ৮৭টি বোমার ডিটোনেটর উদ্ধার করেছে শ্রীলঙ্কার পুলিশ। রাজধানী কলোম্বোর ওই বাস স্টেশনে অভিযান চালিয়ে এই ডিটোনেটরগুলো উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, রোববার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশেপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৯০ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষ।
আপনার মন্তব্য