১২ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:৪৩
আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের পারিবারিক প্রতিষ্ঠানের হাতেই ছিল মক্কার মসজিদ আল-হারামের যে সংস্কার কাজের দায়িত্ব। শুক্রবার সেখানে এক ক্রেন ধসে শতাধিক নিহত হয়েছেন, আহত দুই শতাধিক।
ওসামা বিন লাদেনের আল-কায়েদার হাতে ১৪ বছরের আগের ঠিক এদিনে নিউইয়র্কের ওয়াল্ড ট্রেড সেন্টারে বিমান হামলা চালানো হয় এবং একই দিনে মক্কায় মসিদ আল-হারামে ক্রেন ধসের ঘটনা ঘটল।
আমেরিকায় ওই হামলায় নিহত হয়েছিলো তিন হাজারেরও বেশি মানুষ। এই হামলার পেছনে ছিলো আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন।
সৌদি আরবে মসজিদ-উল-হারামে গত শুক্রবার প্রবল ঝড়ের সময় বজ্রপাতে একটি ক্রেনের অংশ ভেঙ্গে পড়ে ১০৭ হাজি নিহত হন। আহত হয়েছেন আরো দুই শতাধিক ব্যক্তি।
‘বিনলাদেন গ্রুপ’ প্রতিষ্ঠানটি আল কায়েদার শীর্ষ নেতা নিহত ওসামা বিন-লাদেনের পারিবারিক প্রতিষ্ঠান। এই নির্মাণ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন ওসামার বাবা মোহাম্মদ আওয়াদ বিন-লাদেন।
মসজিদ আল-হারাম সম্প্রসারণে চার বছর ধরে কাজ চলছে, যা প্রায় শেষের পথে। এই কাজ শেষ হলে বর্তমানের দ্বিগুণ মানুষ প্রতি বছর হজ করতে পারবেন বলে সৌদি আরব সরকার বলছে।
সংস্কারের মধ্যেই এবারের হজের কয়েকদিন আগে শুক্রবার একটি ক্রেন উল্টে পড়ে শতাধিক মানুষ নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন, যাদের প্রায় সবাই হজ পালনে গিয়েছিলেন।
আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের পুরো কাজটি বিনলাদেন গ্রুপ করছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নির্মাণ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও সেই তথ্য পাওয়া গেছে।
মক্কাভিত্তিক ইসলামী হেরিটেজের সহ-প্রতিষ্ঠাতা ইরফান আল-আলাবি শুক্রবারের দুর্ঘটনার জন্য নির্মাণকারী প্রতিষ্ঠানের উদাসীনতাকে দায়ী করেছেন।
তিনি বলেন, “ঐতিহ্য ধরে রাখার দিকে তাদের যেমন কোনো নজর ছিল না, তেমনি ছিল না নিরাপত্তার দিকেও।”
মুসলমানদের কাছে পবিত্র স্থানটির চলমান সংস্কার কাজের বিরোধিতা করছেন আল-আলাবি। তার মতে, এর মধ্য দিয়ে হজরত মুহাম্মদ (সা.) এর অনেক স্মৃতি মুছে যাবে।
২০১১ সালের শেষদিকে শুরু হওয়া এই সম্প্রসারণ কাজ চলতি বছর হজের আগেই শেষ হওয়ার কথা ছিল বলে সৌদি গেজেট জানিয়েছে, কিন্তু এখনও পাঁচ শতাংশের মতো কাজের বাকি রয়েছে।
সম্প্রসারণ কাজের মধ্যে রয়েছে মসজিদের ছাদ ১.৪৭ মিলিয়ন স্কয়ার ফুট বৃদ্ধি, ৭৮টি নতুন ফটক, নামাজের জন্য একটি ছয়তলা নতুন ভবন, ২৪টি লিফট এবং ২১ হাজার নতুন টয়লেট নির্মাণ।
মসজিদ আল হারামের সম্প্রসারণ ছাড়াও বিনলাদিন গ্রুপ ইয়েমেন, সৌদি আরব, লন্ডনসহ বিশ্বের বড় বড় শহরে এয়ারপোর্ট, হোটেল ও ভবন নির্মাণ করে আসছে। জেদ্দায় বিশ্বের সবচেয়ে উচুঁ ভবন ‘কিংডম টাওয়ার’ নির্মাণের কাজও করছে তারা।
জেদ্দাভিত্তিক বিনলাদেন গ্রুপটি ১৯৩১ সালে মোহাম্মদ আওয়াদ বিন-লাদেন প্রতিষ্ঠা করেন। ১৯৬৭ সালে তার মৃত্যুর পর তার বড় ছেলে সালিম বিন-লাদেন গ্রুপের দায়িত্ব নেন। প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান আওয়াদের আরেক ছেলে বকর বিন-লাদেন।
আওয়াদ মোট ২২টি বিয়ে করেন। তার ৫৪ সন্তানের মধ্যে একজন ওসামা, যিনি জঙ্গি সংগঠন আল কায়দা গঠন করে ১৪ বছর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ধসিয়ে দিয়ে সারাবিশ্বে আলোচনায় উঠে আসেন।
পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আফগানিস্তান-পাকিস্তানে অবস্থান নেওয়া ওসামা ২০১১ সালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের এক কমান্ডো হামলায় নিহত হন।
আপনার মন্তব্য