সিলেটটুডে ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ০২:৪৯

দুর্ঘটনার জন্য ঝড়ো বাতাস দায়ী : সৌদি কর্তৃপক্ষ

সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে পড়ার জন্য বৃষ্টি ও ঝড়ো বাতাসকে দায়ী করেছে দেশটি কর্তৃপক্ষ।

শুক্রবারের ওই দুর্ঘটনায় ১০৭ জন নিহত এবং অন্তত ২৩৮ জন আহত হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ায় শনিবার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের মহা পরিচালক জেনারেল সুলাইমান আল-আমর বলেন, “ভারি বৃষ্টি এবং ঝড়ো বাতাসের কারণে গাছ উপড়ে গেছে, প্যানেল পড়ে গেছে এবং ক্রেইন উল্টে গেছে।”

টুইটারে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, হজের ইহরাম পরিহিত রক্তাক্ত বহু মানুষের দেহ কংক্রিটের স্তূপের মধ্যে পড়ে আছে। ছাদ ভেঙে নেমে আসা লাল রঙের একটি বিশাল ক্রেইনের অংশবিশেষও এসব ছবিতে দেখা যাচ্ছে।

মক্কার আমির প্রিন্স খালেদ আল-ফয়সাল বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও আল আরাবিয়ার খবরে বলা হয়।

একসঙ্গে ২২ লাখ হাজির স্থান সঙ্কুলানের জন্য গতবছর মসজিদের এলাকা ৪ লাখ বর্গমিটার সম্প্রসারণের কাজ শুরু করে সৌদি সরকার। এই নির্মাণ কাজের জন্য ভারী কয়েকটি ক্রেইনও সেখানে রাখা ছিল বলে রয়টার্সের এক ছবিতে দেখা যায়।

প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ মুসলমান হজ পালন করতে বিশ্বের সর্ববৃহৎ এই মসজিদে সমবেত হন। এই দুর্ঘটনা হজ পালনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে হজ আয়োজক কমিটির একজন কর্মকর্তা।

আল আরাবিয়া টেলিভিশনে তিনি বলেন, “এই দুর্ঘটনা এ বছরের হজ যাত্রীদের উপর কোনো প্রভাব ফেলবে না।”

মসজিদের ক্ষতিগ্রস্ত অংশের কাজ কয়েক দিনের মধ্যেই শুরু হবে বলেও জানান তিনি।

এর আগে ২০০৬ সালে কাবা শরিফের কাছে একটি বহুতল হোটেল ভবন ধসে ৭৬ জন নিহত হন। নিকট অতীতে হজ মৌসুমে সবচেয়ে হতাহতের ঘটনা ঘটে ১৯৯০ সালের ২ জুলাই। ওই ঘটনায় একটি সুড়ঙ্গে পদদলিত হয়ে ১ হাজার ৪২৬ জনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত