১৪ সেপ্টেম্বর, ২০১৫ ১১:০৯
মিশরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলাকালে মেক্সিকোর পর্যটকবাহী একটি গাড়িবহরে পুলিশ ও সেনাদের গুলিবর্ষণে ১২ মিশরীয় ও মেক্সিকান নিহত হয়েছেন।
ভুলবশত পর্যটকবাহী ওই গাড়িবহরে গুলি করা হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে মিশরীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
রোববার পশ্চিমাঞ্চলীয় মরুভূমির ওয়াহাত এলাকার এ ঘটনায় আরো ১০ মিশরীয় ও মেক্সিকান আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
একই বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চারটি বাসে থাকা পর্যটকরা ওয়াহাতের ‘নিষিদ্ধ এলাকায়’ ঢুকে পড়েছিল।
কিভাবে এবং কেন পর্যটকরা নিষিদ্ধ ওই এলাকাটিতে প্রবেশ করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ।
এই ঘটনায় তাদের দুইজন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রণালয়।
এর আগে রোববার সকালে এক বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) জানিয়েছিল, পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে মিশরীয় সামরিক বাহিনীর চালানো একটি হামলা রুখে দিয়েছে তারা। এর আগের দিন দেওয়া আরেক বিবৃতিতে জঙ্গিগোষ্ঠীটি লিবীয় সীমান্তের ওই মরুভূমিতে তাদের উপস্থিতির কথা জানিয়েছিল।
ওয়াহাত এলাকটি পর্যটকদের মধ্যে খুব জনপ্রিয় হলেও এলাকাটিতে জঙ্গিদের গোপন আস্তানা গড়ে উঠেছে বলে মনে করা হয়।
২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক বাহিনী ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই মিশরে বিদ্রোহী জঙ্গিদের তৎপরতা বেড়ে যায়। তারপর থেকে আইএস সমর্থিত এই জঙ্গিরা কয়েকশত মিশরীয় সেনা ও পুলিশকে হত্যা করেছে।
আপনার মন্তব্য