সিলেটটুডে ডেস্ক

২০ এপ্রিল, ২০২২ ২১:০৬

মোশতাককে ‘শ্রদ্ধা’: রহমত উল্লাহকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

খোন্দকার মোশতাক আহমেদ ও অধ্যাপক ড. রহমত উল্লাহ

খোন্দকার মোশতাক আহমদের প্রতি ‘শ্রদ্ধা’ জানানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক মো. রহমত উল্লাহকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে রহমত উল্লাহকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান এই সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. রহমত উল্লাহ মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে খোন্দকার মোশতাক আহমদের প্রতিও ‘শ্রদ্ধা’ জানান বলে অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ সেখানেই তার এই বক্তব্যের প্রতিবাদ জানান। পরে উপাচার্য মো. আখতারুজ্জামান অধ্যাপক রহমত উল্লাহর বক্তব্যের ওই অংশটি প্রত্যাহার করার কথা জানান।

তৎকালীন আওয়ামী লীগ নেতা খোন্দকার মোশতাক মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনাসদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর নিজেকে দেশের রাষ্ট্রপতি ঘোষণা করেন খোন্দকার মোশতাক। খোন্দকার মোশতাককে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

এই প্রেক্ষাপটে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে সংবাদ সম্মেলন করে ‘ভুল করে থাকলে ক্ষমা প্রার্থনা’ করেন অধ্যাপক রহমত উল্লাহ। তবে ওই দিনই রহমত উল্লাহর ক্ষমা প্রার্থনা এবং তার বিষয়ে ‘যথোপযুক্ত ব্যবস্থা’ নেওয়ার দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। উপাচার্য ছাত্রলীগের দাবি ও বক্তব্যের সঙ্গে একাত্মতা জানান।

মো. রহমত উল্লাহ দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতির সঙ্গে যুক্ত। নীল দলের প্যানেল থেকে তিনি শিক্ষক সমিতির সভাপতির পাশাপাশি আইন অনুষদের ডিনও নির্বাচিত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত