সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০২৩ ১৪:২৫

নিবন্ধন তালিকা থেকে বাদ পড়লো এবি পার্টি ও গণ অধিকার পরিষদ

নির্বাচনের কমিশনের (ইসি) ঘোষণাকৃত নিবন্ধন প্রাপ্ত দলের তালিকায় নেই এবি পার্টি ও গণ-অধিকার পরিষদের নাম। রোববার (১৬ জুলাই) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল সোমবার দলগুলো নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ইসি সচিব মো জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) দল দুইটি নিবন্ধন পাওয়ার জন্য মনোনীত হয়েছে।

প্রাথমিক পর্যায়ের নিবন্ধনের জন্য ১২ টি দলের মাঠ পর্যায়ে অফিস,কমিটি ও আইনগত বিষয় যাচাই করা হয়। শুধু বিএনএম ও বিএসপি দল দুইটির জেলা ও উপজেলা কমিটি পাওয়া গিয়েছে। বাকি দলগুলোর ক্ষেত্রে তথ্যের গড়মিল পাওয়া যাওয়ায় সেগুলোকে  নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় নি।

দলগুলোর বিষয়ে ধাপে ধাপে যাচাই-বাছাই করা হয়েছে জানিয়ে জাহাংগীর আলম বলেন, মাঠ পর্যায়ে অফিস থাকার কথা, কমিটি থাকার কথা, জনবল থাকার কথা এগুলো সব যাচাই করেছি। পুনরায় যাচাই করে এই দুটি দলের আইন অনুযায়ী সবকিছু থাকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান ইসি সচিব।

তিনি বলেন, এরপরই চূড়ান্ত হবে যে, কারা কারা নিবন্ধন পাবে। বাকি ১০টি দল যে তথ্য দিয়েছে মাঠ পর্যায়ে যাচাই করে গরমিল পাওয়ায় তাদের আবেদন বাতিল করা হয়েছে। কারো কোন আপত্তি রয়েছে কিনা তা আগামী ২৬ জুলাইয়ের মাঝে জানা যাবে। আপত্তি থাকলে শুনানি শেষে নিবন্ধনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নিবন্ধন পাওয়ার দৌড়ে বাদ পড়া দলগুলো হল— এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণ-অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।

২০০৮ সালে সেনাসমর্থিত শাসন আমলে শামসুল হুদা কমিশন নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু করে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪২। নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিলে দ্বাদশ ভোটের আগে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ও আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ফ্রিডম পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) দলের নিবন্ধন বাতিল হয়েছে।

সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন দিতে আবেদন আহ্বান করার বিধান আছে। গত বছরের ২৬ মে আবেদন আহ্বান করে ২৯ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বর্তমান কমিশন। পরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত জাফরুল্লাহ চৌধুরীর অনুরোধে সময় দুই মাস বাড়ানো হয়েছিল।

ইসির নিবন্ধন পেতে ৯৩টি রাজনৈতিক দল আবেদন করলেও তিন দফার ছাঁকুনি শেষে গত ১১ এপ্রিল প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ১২টি দলের তালিকা প্রকাশ করেছিল আউয়াল কমিশন। এবার মাত্র ২টি দল টিকল। দাবি আপত্তি শেষে এ দুই দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

আপনার মন্তব্য

আলোচিত