২৩ নভেম্বর, ২০২৬ ১৮:৫৩
মামুন মিয়া ও মমতা বেগম দম্পতি। ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর পাথরের শিল দিয়ে আঘাতে আহত মামুন মিয়া (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তার স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামী মামুন মিয়াকে পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তার স্ত্রী মমতা বেগম (২৫)।
গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে আটক করে পুলিশ। পরে শনিবার তাকে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম দাবি করেন, বিয়ের পর থেকে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে তিনি অতিষ্ঠ ছিলেন। এমনকি তাদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দেওয়া হতো। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মামুন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। স্ত্রী মমতা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য