০৭ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় ওই দিন দায়িত্ব পালনরত সংশ্লিষ্ট থানার সকল পুলিশ ও জেলার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলামকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের কিছু সদস্যের সরাসরি জড়িততার বিষয় উল্লেখ করা হলে ওই প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার এ আদেশ দেন উচ্চ আদালতের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
গত ৩১ জানুয়ারি গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ ৬৫ পৃষ্ঠার এ প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করেন।
উচ্চ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন প্রতিবেদন উপস্থানের পর মঙ্গলবার হাইকোর্টের এ দুই বিচারপতির বেঞ্চ গাইবান্ধার পুলিশ সুপার ও গোবিন্দগঞ্জ থানার সব পুলিশ প্রত্যাহারের নির্দেশ দেন।
এর আগে গত ৩১ জানুয়ারি প্রতিবেদন প্রসঙ্গে জড়িততের নাম সুনির্দ্দিষ্টভাবে না উল্লেখ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, প্রতিবেদনে কতিপয় পুলিশ সদস্য এ আগুন লাগানোর ঘটনায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে অগ্নিসংযোগে পুলিশ জড়িত কি না, সে বিষয়ে তদন্তের জন্য গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন হাইকোর্ট।
১৫ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হলে নির্দেশ মোতাবেক গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম ঘটনার তদন্ত করে আদালতে এই প্রতিবেদন দাখিল করেন।
আপনার মন্তব্য