সিলেটটুডে ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৭ ০১:৪৯

মেয়র মিরুকে আওয়ামী লীগ থেকে বহিস্কার

দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল গুলিতে নিহত হওয়ার ঘটনায় শাহজাদপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এ.কে.এম নাসির উদ্দিনকেও দল থেকে সাময়িক বহিস্কার করা হয়।

মেয়র মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বুধবার রাতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান বলেন, 'দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হাতে এসেছে। এতে বলা হয়েছে, 'দলের গঠনতন্ত্রের ৪৬(ক) ধারা মতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি মেয়র মিরুকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে এবং ১৫ কার্যদিবসে জবাব পাঠাতে বলা হয়েছে।'

তিনি আরও জানান, বৃহস্পতিবার জেলা কারা-কর্তৃপক্ষের মাধ্যমে চিঠিটি হালিমুল হক মিরু কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত রোববার রাতে পৌনে ১০টার দিকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করা হয় সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুকে।

গত বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুরে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক শহরের কালীবাড়ি মোড়ে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে বিজয়ের সমর্থক কলেজছাত্র ও মহল্লার লোকজন একযোগে বিকেল ৩টার দিকে মেয়রের বাসায় হামলা চালান। এ সময় মেয়র হালিমুল হক মিরু তার শটগান থেকে গুলি ছোড়েন। এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে সেখানে ছিলেন সাংবাদিক শিমুল এবং তিনি তখন গুলিবিদ্ধ হন। একাধিক গুলি তার মাথা ও মুখে লাগে।

প্রথমে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় আনার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন নাহার বেগম শুক্রবার শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে মেয়র হালিমুল হক, তার দুই ভাইসহ ১২ জনের নাম উল্লেখ করে ১৫ জনকে আসামি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত