সিলেটটুডে ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৭ ১৫:২৬

ব্লগার নীলয় হত্যা মামলার চার্জশিট দাখিল ১৫ মার্চ

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয় হত্যা মামলার চার্জশিট দাখিলের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেন টিপু চার্জশিট দাখিলের জন্য নতুন এ তারিখ ধার্য করেছেন।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলার বাসায় ব্লগার নীলয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ঘটনার দিনই এ হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) শাখা।

ওইদিন রাতে নীলয়ের স্ত্রী আশামনি বাদি হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলার গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। তারা হলেন, নিলয়কে ফেসবুকে হত্যার হুমকিদাতা মুফতি মাওলানা আবদুর গাফফার, আনসার আল ইসলাম নামে ফেসবুক পেইজ থেকে হত্যার দায় স্বীকারকারী মর্তুজা ফয়সাল সাব্বির ও তারেকুল আলম তারেক, মাসুম রানা, কাউছার হোসেন খান, কামাল হোসেন সরদার ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ান।

আপনার মন্তব্য

আলোচিত