সিলেটটুডে ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০১৭ ১২:৫৩

আরাফাত সানির জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

ফাইল ছবি

নারী নির্যাতনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সানিকে রিমান্ডে নেয়ার আবেদনও নাকচ করে দিয়েছেন আদালত।

রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এ আদেশ দেন।

এর আগে সকালে সানিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে সানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধরের অভিযোগে ক্রিকেটার আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে তৃতীয় মামলা করেন নিজেকে সানির স্ত্রী দাবি করা নাসরিন সুলতানা। ওই দিন বিচারক মামলাটিকে এজাহার হিসেবে নেওয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।

এর আগে গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে করা প্রথম মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে একদিনের রিমান্ডে পাঠান ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার।

মামলার অভিযোগে দাবি করা হয়, ২০১৪ সালের ১২ ডিসেম্বর ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে পাঁচ লাখ টাকা দেনমোহরে নাসরিন সুলতানার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা দুজন ভাড়া বাসায় স্বামী-স্ত্রী হিসেবে সংসার শুরু করেন। সংসার চলার সময় ছয় মাস পর ক্রিকেটার আরাফাত সানি তার মায়ের পরামর্শে নাসরিনের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকার জন্য সানি তার স্ত্রীকে মারধর করেন ও গালিগালাজ করে ভাড়া বাসায় ফেলে রেখে চলে যান।

অভিযোগে আরো উল্লেখ করা যায়, ২০১৬ সালের ১২ জুন নাসরিন সুলতানা বাসা ভাড়াসহ যাবতীয় ভরণপোষণ না পেয়ে নিরুপায় হয়ে স্বামী সানির সঙ্গে দেখা করেন। এ সময় সানি যৌতুকের ২০ লাখ টাকা দাবি করে নাসরিনকে বলেন, ‘যৌতুকের টাকা না দিলে আমার মা তোমার সঙ্গে সংসার করতে দেবেন না এবং এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তোমার পরিণতি অনেক খারাপ হবে। কারণ তোমার কিছু অশ্লীল ছবি আমার মোবাইল ফোনে রয়েছে।’ এর পর নাসরিনকে ঘাড় ধাক্কা দিয়ে সানির মা তাঁদের বাড়ি থেকে বের করে দেন এবং হুমকি দিয়ে বলেন, ‘তোর সঙ্গে আমার ছেলে সংসার করবে না। তাই সম্পর্ক ছিন্ন করার ব্যবস্থা কর।’

আপনার মন্তব্য

আলোচিত