সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১২:০৫

অবশেষে ভাষা শহীদ সালামের কবর সনাক্ত

অবশেষে ৬৫ বছর অতিক্রান্ত হয়ে যাবার পর আজিমপুর কবরস্থানে সনাক্ত হলো ৫২ এর ভাষা আন্দোলনে  শহীদ আব্দুস সালামের কবর। দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশী সময় ধরে ঢাকার আজিমপুর কবরস্থানে ৫২ এর ভাষা শহীদ আব্দুল জব্বার, আব্দুল বরকত ও শফিউর রহমানের কবর সনাক্ত হলেও আব্দুস সালাম, রফিক ও কিশোর অহিউল্লাহ’র কবর সনাক্ত করা যায়নি। যার ফলে ৬৫ বছর ধরে আজিমপুর কবরস্থানে তিনজন শহীদের কবর চিহ্নিত করে জাতী শ্রদ্ধা নিবেদন করে আসছে।

দীর্ঘ ৬৫ বছর পর আজিমপুর কবরস্থানে সালামের স্বজনরা তার কবর সনাক্ত করেন বলে জানা গেছে। আজিমপুর কবরস্থানের সিনিয়র মোহরার হাফিজুর রহমান ও মোহরার নুরুল হুদা কবর সনাক্তের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, এর আগে আজিমপুর কবরস্থানে আব্দুস সালামকে সমাহিত করার দালিলিক প্রমাণ ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকনের কাছে জমা দেওয়া হয়। সালামের ছোট ভাই আব্দুল করিম ও ভাতিজা মকবুল আহমেদ এ প্রমাণপত্র জমা দেন। আব্দুস সালাম ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ভাতিজা মকবুল আহমদ ছাত্র-জনতার সহায়তায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওই বছরের ৭ এপ্রিল সালামের মৃত্যু হয়।

পরদিন ৮ এপ্রিল সালামের মরদেহ আজিমপুর পুরাতন কবরস্থানে সমাহিত করা হয়। ওইসময় সালামের সঙ্গে ছিলেন তাঁর ভাতিজা মকবুল। দীর্ঘ সময় ধরে ভাইয়ের কবর চিহ্নিত করার চেষ্টা করছিলেন ছোট ভাই করিম। সম্প্রতি ঢাকায় সালামের ছোট ভাই করিম ও ভাতিজা মকবুল সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে গেলে তিনি এ ব্যাপারে সহায়তার আশ্বাস দেন। তিনি মুঠোফোনে মেয়র সাঈদ খোকনকেও এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এরপর করিম ও মকবুল মেয়রের সঙ্গে দেখা করে কিছু দালিলিক প্রমাণ তাঁকে হস্তান্তর করেন। সকল বিষয় অবহিত হয়ে মেয়র এ ব্যাপারে কর্মকর্তাদের নির্দেশ দেন বলে জানান ছোট ভাই করিম।

দীর্ঘ ৬৫ বছর পর ভাষা শহীদ আব্দুস সালামের কবর স্বজনদের দাবি অনুযায়ী সনাক্ত হলেও সরকার, বাংলা একাডেমী বা ঢাকা দঃ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কবরটি বাধাই করে দেয়ার কোন উদ্যোগ নেয়া হবে কি না তা জানা যায়নি। তবে আন্তর্জাতিক মাতৃ ভাষা তথা শহীদ দিবসের পূর্বেই কবরটির সনাক্তের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হতে পারে বলে জানা গেছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মৃত্যু নিবন্ধন শাখার এক কর্মকর্তা সালামের কবরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯৫২ সালের ৭ এপ্রিল দাফন করা লাশটিও সালামের বলে নিবন্ধন খাতায় উল্লেখ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত