সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:৩৯

সাবেক জেএমবি প্রধানের বিচার শুরু

অভিযোগ গঠনের মধ্য দিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক আমীর সাইদুর রহমানসহ তিনজনের বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগ গঠনের সময় সাইদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। মামলাটিতে মোট ২১ জনকে সাক্ষী করা হয়েছে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন।

এ মামলার অন্য আসামিরা হলেন, সাইদুর রহমানের দেহরক্ষী আব্দুল্লাহিল কাফি ও কাফির স্ত্রী আয়শা আক্তার। তারা হাইকোর্ট থেকে জামিন নেয়ার পর থেকে পলাতক আছেন।

জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমানের মৃত্যুদণ্ড হওয়ার পর ২০০৬ সালের শেষের দিকে সাইদুর রহমান সংগঠনটির আমীর হন। ২০১০ সালের ২৫ মে রাজধানীর দনিয়া এলাকার একটি বাড়ি থেকে সাইদুর রহমানসহ অপর আসামিদের গ্রেপ্তার করা হয়।

২০১০ সালের ৭ আগস্ট গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর সোহরাব হোসেন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ২৬ আগস্ট এই মামলায় সরকার অনুমোদন দেয়। এরপর চলতি বছরের ৪ জানুয়ারি আদালত নতুন করে অভিযোগপত্র গ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত