সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:৫২

সংসদে প্রতিমন্ত্রীর কাছে পাটের শাড়ি উপহার চাইলেন স্পিকার

ফাইল ছবি

প্রতিমন্ত্রীর কাছে পাটের শাড়ি উপহার চাইলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পাট বিল ২০১৬ পাসের সময় স্পিকার পাটের প্রতি ভালোবাসা সৃষ্টির জন্য পাটের তৈরি শাড়ি উপহার চান।

জবাবে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবসের আগেই স্পিকারকে পাটের শাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিল পাসের সময় বিল উত্থাপনকারী পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম পাটের বহুবিধ ব্যবহারের কথা সংসদে ‍উল্লেখ করেন। এ সময় স্পিকার রসিকতা করে প্রতিমন্ত্রীর উদ্দেশে বলেন, পাটের সূতার তৈরি শাড়ি আমরা পেলে পাটের প্রতি আমাদের বেশি ভালোবাসা জন্ম নেবে।

পরে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বিলের সংশোধনী প্রস্তাব দেওয়ার সময় স্পিকারের শাড়ি উপহার সংক্রান্ত দাবির প্রসঙ্গটি আবার তোলেন। এ সময় প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আমি আশা করবো আগামী ভালোবাসা দিবসে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় মাননীয় স্পিকারকে একটি লাল শাড়ি উপহার দেবেন।

বিলের ওপর আলোচনা চলার সময় প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, এই সংসদে পাটের শাড়ি চাওয়া হয়েছে। আমরা বিজেএমসি (বাংলাদেশ জুট মিল করপোরেশন) থেকে একটি কম্পোজিট মিল স্থাপনের উদ্যোগ নিয়েছি। ওই মিল চালু হাওয়ার পর সেখান থেকে প্রথমে যে শাড়ি তৈরি করা হবে, সেটা আপনাদের (সংসদ সদস্য) দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ৬ মার্চকে জাতীয় পাট দিবস ঘোষণা করেছি। এবার প্রথমবারের মতো পাট দিবস পালিত হবে। জাতীয় পাট দিবস পালনের আগেই আমরা মাননীয় স্পিকারকে শাড়ি উপহার দেবো।

উল্লেখ্য, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্পিকারসহ অধিকাংশ নারী সদস্য আজ লাল শাড়ি পরে সংসদের বৈঠকে অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত