সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৫:৫২

শপথ নিলেন সিইসিসহ পাঁচ নির্বাচন কমিশনার

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ পাঁচ নির্বাচন কমিশনার আজ বুধবার শপথ গ্রহণ করেছেন।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বুধবার বিকাল ৩টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সিইসি সহ পাঁচ নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করান।
প্রধান বিচারপতি প্রথমে সিইসি কে এম নুরুল হুদাকে শপথ পাঠ করান। এরপর কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাৎ হোসেন চৌধুরী একে একে শপথ নেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেন সাবেক সচিব কে এম নুরুল হুদাকে। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরীকে।

এর আগে গত ২৫ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের সার্চ কমিটি। এই কমিটি ১০ জনের একটি তালিকা ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে জমা দেন। ওই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি এই পাঁচজনকে নির্বাচন কমিশনে নিয়োগ দেন।

আপনার মন্তব্য

আলোচিত