সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:২৫

রাজনৈতিক সহিংসতার শিকার ৭ জনকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের সহিংসতায় অগ্নিকাণ্ড ও বোমা হামলার শিকার স্কুলছাত্র অনিক ও হৃদয়সহ সাতজনকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আহত ও তাদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

ফেনীর দাগনভূঞার শিক্ষার্থী শাহরিয়ার হৃদয়ের বাবা আবুল খায়ের, তার অপর সহপাঠী মিনহাজুল ইসলাম অনিকের মা আমেনা আক্তার জেসমিন, গাজীপুর শ্রীপুরের গিয়াস উদ্দিন আহমেদ, তেঁজগা রাজস্ব সার্কেলে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদির মিয়া (ফেনীর তত্কালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট) এবং ঝিনাইদহের শৈলকুপার লিটন মিঞার হাতে ১০ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

আর্থিক অনুদানপ্রাপ্ত অন্য দুই জন রাজধানীর মিরপুর-১ এর মধ্য পাইকপাড়ার আব্দুল মতিন ও বংশালের সেলিম হোসেন সেলিমকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আহতদের সান্তনা দেন এবং চিকিৎসার খোজখবর নেন। এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। চিকিৎসা সহ সার্বিক সহযোগিতার জন্যে আহতদের স্বজনরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

আপনার মন্তব্য

আলোচিত